লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগেই বাংলার সব আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। একাধিক পুরনো সাংসদ তালিকা থেকে বাদ পড়েছেন। তাঁদের মধ্যে একজন বসিরহাট কেন্দ্রের সাংসদ নুসরত জাহান (Nusrat Jahan)। গতবারের ভোটেই জিতে সাংসদ হয়েছিলেন তিনি। কিন্তু এবার আর দল তাঁর উপর ভরসা রাখতে পারল না! সেই আক্ষেপেই কী দলবদল করবেন নুসরত, এই জল্পনা যখন চলছিল সেইসময়ে একটি ভিডিও ঘিরে নেটিজেনদের কটাক্ষের মুখে তারকা সাংসদ।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রী এখন স্থিতিশীল, কী ভাবে ঘটনা? তদন্তে লালবাজার



সম্প্রতি টলিউডের একটি পার্টিতে দেখা গিয়েছিল নুসরত জাহানকে। তাঁর সঙ্গে ছিলেন যশ দাশগুপ্ত (Yash Dasgupta)। জানা গিয়েছিল, জনপ্রিয় পরিচালক অরিন্দম শীলের জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন তারকা দম্পতি। সেই ভিডিও ভাইরাল হতেই নানা কমেন্ট নেটিজেনদের। বার্থ ডে পার্টির সঙ্গে রাজনৈতিক পার্টি মিলিয়ে ফেলেন নেটিজেনদের একাংশ। কেউ কমেন্ট করেছে, ‘টিকিট না পেয়েও পার্টি করছেন?’ কেউ আবার লিখেছে, ‘ নতুন পার্টিতে যোগ দিলেন আবার?’

২০১৯ এর লোকসভা নির্বাচনে (Loksabha Election 2019) বসিরহাট কেন্দ্র থেকে অভিনেত্রী নুসরত জাহানকে টিকিট দিয়েছিলেন মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। মিমি চক্রবর্তী, নুসরতের মত তারকা মুখেরা অবশ্যই সেবার প্রার্থী তালিকায় বড় চমক ছিল। এবারে দুজনেই টিকিট পাননি। মিমি অবশ্য নিজেই সরে আসতে চেয়েছিলেন রাজনীতি থেকে। তবে নুসরতকে যে দ্বিতীয়বার টিকিট দেওয়া হবে না, এই সম্ভাবনা আগে থেকেই ছিল। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন ঘিরে অনেক বিতর্ক রয়েছে।


তৃণমূলে টিকিট না পেয়ে দলবদল? নতুন ‘পার্টি’ নুসরতের

সন্দেশখালি কান্ড (Sandeshkhali Case) এক্ষেত্রে একটি বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। শেখ শাহজাহান ও তাঁর অনুগামীদের গ্রেফতারির দাবিতে গর্জে উঠেছিলেন স্থানীয় মহিলারা। পরিস্থিতি রণক্ষেত্র চেহারা ধারণ করেছিল। সন্দেশখালি এলাকা বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত। এতকিছুর পরও সাংসদকে পাশে পাননি, এই ক্ষোভও এলাকাবাসীদের তরফে প্রকাশ পেয়েছে। সব মিলিয়ে আসন্ন নির্বাচনে এই লোকসভা কেন্দ্র থেকে নুসরত জাহানের পরিবর্তে টিকিট পেয়েছেন হাজি নুরুল ইসলাম।







