নজরবন্দি ব্যুরোঃ পিছিয়ে যাচ্ছে নেট পরীক্ষা। শেষ পর্যন্ত নেট পরীক্ষা পিছিয়ে দিতে বাধ্য হল কেন্দ্রীয় সরকার। পুজোর সময় নেট পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হল। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল এ কথা জানিয়েছেন। চলতি বছরে ইউজিসি নেট পরীক্ষা হওয়ার কথা ছিল ২১, ২২ ও ২৩ অক্টোবর অর্থাৎ দুর্গাপুজোর পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমীর দিন। শুরু থেকেই কেন্দ্রীয় সরকারের এই পরীক্ষা সূচীর তীব্র বিরোধিতা করে আসছিল তৃণমূল।
আরও পড়ুনঃ করোনায় সুস্থতার বিচারে বিশ্বে এখন প্রথম স্থানে ভারত।
গত পরশু অর্থাৎ ১৯শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে উদ্ধৃত করে ট্যুইট করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। ১৯শে সেপ্টেম্বর করা ট্যুইটে তিনি লিখেছিলেন, দুর্গা পূজার পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমীর শুভ দিনগুলিতে ইউজিসি নেট পরীক্ষার সময়সূচী রাখার অর্থ বাংলার সংস্কৃতি কে অপমান করা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই সিদ্ধান্ত শুধু বাংলার সংস্কৃতি কেই অপমান করে এমন নয় পাশাপাশি অশ্রদ্ধা জানায় পরিক্ষার্থীদেরও।
সূত্রের খবর, এরপর ব্যাপক সমালোচনায় পড়ে কেন্দ্রীয় সিদ্ধান্ত। কিভাবে এমন ভুল হল তা নিয়ে রীতিমত আলোচনা হয়। পরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। সূত্র জানিয়েছে, আগামী বছর বাংলায় বিধানসভা নির্বাচন। আর বিজেপি সরকারের দূর্গাপুজোর তিথিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত প্রভাব ফেলতে পারে ভোটে তাই পিছু হটল কেন্দ্র।
পিছিয়ে যাচ্ছে নেট পরীক্ষা। আজ পরীক্ষা পিছিয়ে দেওয়ার ব্যাপারে তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেন। রমেশ পোখরিয়াল শিক্ষামন্ত্রী তাঁকে জানান, পরীক্ষার তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। চূড়ান্ত তারিখ ঠিক করার পর তা জানিয়ে দেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি।



