NEET-UG 2026 প্রশ্নফাঁস বিতর্কে নতুন মোড়, সংসদীয় কমিটির সামনে বিস্ফোরক সাফাই NTA-এর

NEET-UG 2026 প্রশ্নফাঁস বিতর্কে সংসদীয় কমিটির সামনে NTA দাবি করল, পুরো প্রশ্নপত্র ফাঁস হয়নি। ২১ জুন পুনরায় পরীক্ষা নেওয়ার প্রস্তুতি জোরকদমে চলছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

NEET-UG 2026 প্রশ্নফাঁস বিতর্কে এবার নতুন করে চাপে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। সংসদীয় স্থায়ী কমিটির জেরার মুখে সংস্থার দাবি, “পুরো প্রশ্নপত্র ফাঁস হয়নি, কেবল কিছু প্রশ্ন পরীক্ষার আগে বাইরে চলে গিয়েছিল।” এনটিএ-র এই ব্যাখ্যা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র বিতর্ক।

গত ৩ মে দেশজুড়ে অনুষ্ঠিত হয়েছিল নিট-ইউজি ২০২৬ পরীক্ষা। কিন্তু পরীক্ষার আগেই সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন চক্রের মাধ্যমে প্রশ্নপত্রের অংশ বিশেষ বাইরে চলে আসার অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ায় শেষ পর্যন্ত ১২ মে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় কেন্দ্র।

এই ঘটনার জেরে শিক্ষা সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সামনে হাজির হতে হয় এনটিএ কর্তাদের। সূত্রের খবর, সেখানে এনটিএ প্রধান অভিষেক সিং এবং উচ্চশিক্ষা সচিব বিনীত জোশী দাবি করেন, পরীক্ষায় অনিয়ম, কারচুপি ও বেআইনি কার্যকলাপের প্রমাণ মিললেও সেটিকে “সম্পূর্ণ প্রশ্নফাঁস” বলা ঠিক নয়

কমিটির সদস্যরা প্রশ্ন তোলেন, যদি প্রশ্নফাঁস না-ই হয়ে থাকে, তবে কেন গোটা পরীক্ষা বাতিল করা হল? তার উত্তরে  জানায়, পরীক্ষার স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা বজায় রাখতেই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থার বক্তব্য, প্রশ্নপত্রের সামান্য অংশও আগে বাইরে এলে তা পরীক্ষাব্যবস্থার উপর আস্থা নষ্ট করে দেয়।

তবে এনটিএ-র এই বক্তব্যের সঙ্গে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের আগের মন্তব্যের স্পষ্ট ফারাক দেখা যাচ্ছে। গত ১৫ মে সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী নিজেই স্বীকার করেছিলেন, নিট পরীক্ষার নিরাপত্তা বলয়ে বড়সড় গলদ ছিল এবং ‘চেন অফ কমান্ড’-এ ত্রুটি ধরা পড়েছে।

এনটিএ সংসদীয় কমিটিকে আরও জানিয়েছে, ভবিষ্যতে নিট পরীক্ষাকে সম্পূর্ণ ‘লিকপ্রুফ’ করতে একাধিক সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন নিরাপত্তা প্রোটোকল, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা চালু করার কাজ দ্রুতগতিতে চলছে।

এদিকে, গোটা ঘটনায় দেশজুড়ে তদন্ত চালাচ্ছে সিবিআই। ইতিমধ্যেই একাধিক রাজ্য থেকে গ্রেফতার হয়েছেন দালাল, পরীক্ষাকেন্দ্রের কর্মী, গৃহশিক্ষক এবং প্রশ্ন পাচার চক্রের সঙ্গে যুক্ত সন্দেহভাজনরা।

এই বিতর্কের মধ্যেই পুনরায় পরীক্ষার দিন ঘোষণা করেছে এনটিএ। আগামী ২১ জুন দেশজুড়ে অনুষ্ঠিত হবে RE-NEET UG 2026। পরীক্ষার্থীদের নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে না এবং অতিরিক্ত কোনও ফিও নেওয়া হবে না বলে জানিয়েছে সংস্থা।

নতুন অ্যাডমিট কার্ড পরীক্ষার আগে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। পাশাপাশি পরীক্ষার্থীরা নিজেদের পরীক্ষাকেন্দ্রের শহর বদলের সুযোগও পাবেন। দুপুর ২টো থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে।

এনটিএ আশ্বাস দিয়েছে, মে মাসের বিতর্ক থেকে শিক্ষা নিয়ে এবার নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হচ্ছে। বহুস্তরীয় নজরদারি ও কঠোর সিকিউরিটি চেকের মধ্য দিয়েই পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে, যাতে আর কোনও প্রশ্ন পরীক্ষার আগে বাইরে যেতে না পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

-Advertisement-

আরও খবর