এনডিএ বৈঠকে ‘ওয়েলকাম’ এনসিপিআই সাংসদদের! মোদি-শাহর পাশে কাকলি, আনুষ্ঠানিক স্বীকৃতিতে নতুন রাজনৈতিক বার্তা

সংসদের ‘মঙ্গল মিলন’ বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এনডিএ-র নতুন শরিক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হল এনসিপিআই সাংসদদের। প্রথম সারিতে দেখা গেল কাকলি ঘোষ দস্তিদারকে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সংসদের ‘মঙ্গল মিলন’ বৈঠকে আনুষ্ঠানিকভাবে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (এনসিপিআই)-কে এনডিএ (National Democratic Alliance)-র শরিক হিসেবে স্বাগত জানানো হল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)-এর উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)-কে প্রথম সারিতে বসতে দেখা যায়। এই বৈঠকের মাধ্যমে স্পষ্ট ইঙ্গিত মিলেছে, বিজেপিতে যোগ না দিয়ে আপাতত এনসিপিআই এনডিএ-র শরিক হিসেবেই রাজনৈতিক পথচলা চালিয়ে যাবে।

মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত ‘মঙ্গল মিলন’ কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক মহলে বিশেষ আগ্রহ ছিল। কারণ, তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়া সাংসদদের এনডিএ-র বৈঠকে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হবে কি না, তা নিয়ে জল্পনা চলছিল। সেই জল্পনারই অবসান ঘটে এদিনের বৈঠকে।

বৈঠকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে প্রথম সারিতে বসেন কাকলি ঘোষ দস্তিদার। পিছনের সারিতে ছিলেন শতাব্দী রায় (Satabdi Roy), রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee), জুন মালিয়া (June Malia), সায়নী ঘোষ (Sayani Ghosh), শর্মিলা সরকার (Sharmila Sarkar)-সহ এনসিপিআইয়ের অন্যান্য সাংসদরা। বৈঠকে উপস্থিত সকলের সঙ্গে পরিচয়পর্বও সম্পন্ন হয় এবং তাঁদের এনডিএ-র নতুন শরিক দলের প্রতিনিধি হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

রাজনৈতিক সূত্রের মতে, বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেস ছেড়ে একে একে ২০ জন সাংসদ এনসিপিআই-তে যোগ দেন। এরপর থেকেই তাঁরা সংসদে এনডিএ-কে সমর্থন করছেন। লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla) তাঁদের জন্য আলাদা আসনের ব্যবস্থাও করেন। তবে এনডিএ-র আনুষ্ঠানিক বৈঠকে এই প্রথম তাঁদের অংশগ্রহণ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বৈঠকের অন্যতম আকর্ষণ ছিল বিভিন্ন বিল ও সংসদীয় কর্মসূচি নিয়ে একটি উপস্থাপনা। সেখানে আসন্ন আইন, তার উদ্দেশ্য এবং সাধারণ মানুষের সম্ভাব্য উপকারিতা সম্পর্কে উপস্থিত সাংসদদের বিস্তারিত জানানো হয়। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে নতুন শরিক দলের সাংসদদের সঙ্গে কথা বলেন বলেও জানা গিয়েছে।

বৈঠক শেষে শতাব্দী রায় সাংবাদিকদের বলেন, বৈঠক অত্যন্ত সুশৃঙ্খল ছিল। তাঁর দাবি, সংসদে কোন বিল আসছে, সেই বিলের উদ্দেশ্য কী এবং মানুষের কী উপকার হবে—এসব বিষয়ে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। পাশাপাশি সকল সাংসদের সঙ্গে পরিচয়পর্বের পর প্রধানমন্ত্রী প্রত্যেকের সঙ্গে পৃথকভাবে কথাও বলেছেন।

জুন মালিয়া, শর্মিলা সরকার-সহ অন্য সাংসদদের বক্তব্যও প্রায় একই। তাঁদের দাবি, বৈঠকের পরিবেশ ছিল অত্যন্ত সুসংগঠিত এবং সংসদীয় কার্যক্রম সম্পর্কে সুস্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। ফলে এনডিএ-র সঙ্গে এনসিপিআইয়ের রাজনৈতিক সমন্বয় এখন আরও স্পষ্টভাবে প্রকাশ্যে এল বলে রাজনৈতিক মহলের একাংশের মত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন