চৌরঙ্গির তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আচমকাই পৌঁছে গেল CID-এর বিশেষ দল। বিধানসভার হাজিরা খাতায় থাকা একটি স্বাক্ষর ঘিরে বিতর্কের জেরে শুরু হয়েছে তদন্ত। বৃহস্পতিবার বিকেলে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চর্চা শুরু হয়েছে।
সূত্রের খবর, বিধানসভার হাজিরার নথিতে থাকা একটি সই আদৌ নয়না বন্দ্যোপাধ্যায়ের কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। সেই বিষয়টি খতিয়ে দেখতে বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি হেয়ার স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে রাজ্য পুলিশের CID।


বৃহস্পতিবার বিকেল প্রায় ৩টে নাগাদ CID-এর একটি দল বিধায়কের বাড়িতে পৌঁছয়। তদন্তকারী দলে ছিলেন মোট ৬ জন আধিকারিক। তাঁদের সঙ্গে ছিলেন হস্তাক্ষর বিশেষজ্ঞরাও। গোটা ঘটনাকে ঘিরে শুরু হয় জোর জল্পনা।
তবে CID আধিকারিকরা প্রথমবার পৌঁছনোর সময় বাড়িতে ছিলেন না নয়না বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, তিনি ইদ উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিতে বাইরে গিয়েছিলেন। পরে বিকেল সাড়ে ৫টা নাগাদ ফের তাঁর বাড়িতে পৌঁছয় তদন্তকারী দল।
সেই সময় বিধায়ক বাড়িতে উপস্থিত থাকায় শুরু হয় তদন্তের আনুষ্ঠানিক প্রক্রিয়া। সূত্রের দাবি, তদন্তের প্রতিটি ধাপ ভিডিওগ্রাফিও করা হয়েছে। CID আধিকারিকরা প্রয়োজনীয় নথি এবং স্বাক্ষর সংক্রান্ত তথ্য সংগ্রহ করেন বলে জানা গিয়েছে।


ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে নয়না বন্দ্যোপাধ্যায় বলেন, “৬ মে বিরোধী দলনেতা নির্বাচন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একটি বৈঠক হয়েছিল। দলের সিদ্ধান্ত অনুযায়ী একটি ফর্ম্যাট তৈরি হয়েছিল। সেখানে আমি সই করেছিলাম। সইয়ের জায়গায় ক্যাপিটাল লেটারে নাম লিখেছিলাম। সেই বিষয় নিয়েই CID বাড়িতে এসেছে। বিষয়টা আমার কাছে অত্যন্ত শকিং।”
বিধানসভার নথিতে স্বাক্ষর বিতর্ককে কেন্দ্র করে এই তদন্ত রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা বাড়িয়েছে। CID-এর এই পদক্ষেপের পর আগামী দিনে তদন্ত কোন দিকে এগোয়, এখন সেটাই দেখার।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



