নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচন ঘিরে উত্তপ্ত হয়েছে গোটা রাজ্য। এরমধ্যে সর্বাধিক অশান্তি ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার ভাঙড়ে। রাজ্যপাল পরিস্থিতি পরিদর্শনে গিয়েছেন। ভোট পর্ব মিটলেও এখনও অশান্ত ভাঙড়। এদিকে নিজের নির্বাচনী কেন্দ্রে ঢুকতে গিয়ে পুলিশি বাধার মুখে পড়লেন বিধায়ক নওশাদ সিদ্দিকি। রাজারহাটে আটকে দেওয়া হয় তাঁকে। বেশ কিছুক্ষণ সেখানেই গাড়িতেই বসে থাকতে হয় তাঁকে।
আরও পড়ুন: শিয়ালদহ শাখায় আগামী শনি এবং রবিবার একগুচ্ছ লোকাল বাতিল, নিত্যযাত্রীদের ভোগান্তির আশঙ্কা
এদিন সকালে ভাঙড়ের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। ভাঙড়ে ভোট হিংসায় নিহত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করার কথা ছিল তাঁর। কিন্তু রাজারহাটে তাঁকে আটকে দেওয়া হয়। পুলিশের তরফে জানানো হয়, বিধায়কের ‘অশান্ত’ ভাঙড়ে যাওয়ার অনুমতি নেই। খোদ বিধায়ককে তাঁর নির্বাচনী এলাকায় বাধা দেওয়ার বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে। নওশাদের অভিযোগ, তাঁকে পরিকল্পনা করে অনৈতিকভাবে আটকানো হচ্ছে।

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্ব থেকেই উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়ে। শাসক-বিরোধী সংঘর্ষ দেখা গিয়েছে। মুড়ি-মুড়কির মতো বোমাবাজি হয়েছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস নিজে উদ্বেগ প্রকাশ করে ঘটনাস্থল পরিদর্শনে যান। প্রাণ বলি হয়েছে একাধিকজনের। ভোটের দিনও সেখানে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়। গণনাপর্বেও এলাকার চেহারাটা একই ছিল। ফের বোমাবাজি হয়। আহত হন বেশ কয়েকজন।

ভাঙড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করেছে পুলিশ। এলাকায় প্রবেশ পথে নাকা পয়েন্ট করা হয়েছে। নির্দিষ্ট কয়েকজন ছাড়া অন্য কারও ভাঙড়ে প্রবেশের অনুমতি নেই। পুলিশ নিয়মিত টহলদারি চালাচ্ছে। আর তার জেরেই বাধার মুখে স্বয়ং বিধায়ক।
নিজের কেন্দ্রেই ঢুকতে পারলেন না Nawshad Siddiqui, ‘অশান্ত’ ভাঙড়ে পুলিশি বাধার মুখে ISF বিধায়ক




