ঘেঁটে গেল জোট! কংগ্রেস ও বামফ্রন্ট ঐক্যবদ্ধভাবে লোকসভা নির্বাচনে লড়লেও আইএসএফ-এর সঙ্গে ‘চুক্তি’ সম্ভব হয়নি। বেশিরভাগ কেন্দ্রেই এককভাবে লড়াই করবে আইএসএফ। আর জোট বাস্তবায়িত না হওয়ার পরেই কিন্তু সিপিআইএম-এর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী।
আরও পড়ুন: দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪, মুখ্যমন্ত্রীর শোকপ্রকাশ
নওশাদ সিদ্দিকী সাফ বলছেন, “জোটের স্বার্থে শেষপর্যন্ত আমরা ৭টি আসনে রফা করতে রাজি হয়েছিলাম। কিন্তু ওরা চায়নি আইএসএফের মতো নতুন দল পার্লামেন্টে যাক। জোটের স্বার্থে আমরা বারবার আলিমুদ্দিনে গিয়ে মিটিং করেছি। কিন্তু আলিমুদ্দিনের কর্তারা কখনও আমাদের কার্যালয়ে আসেননি।”

তিনি আরও দাবি করেন, বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুকে একাধিকবার ফোন করলেও তিনি নাকি উত্তর দেননি। আর নওশাদের এই অভিযোগের ভিত্তিতে পাল্টা জবাব দিয়েছেন সিপিআইএম-এর রাজ্য সম্পাদক তথা মুর্শিদাবাদের বাম প্রার্থী মহম্মদ সেলিম।

সেলিমের বক্তব্য, “আমি নওশাদকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলাম। কোন আসনে তারা লড়বে জানতে চেয়েছিলাম। কিন্তু কোনও রিপ্লাই আসেনি। সব রেকর্ড আছে, এখানে এসে গুজব ছড়ালে হবে না।”
ISF ছোট দল তাই CPIM সংসদে চায়নি, ক্ষোভ নওশাদের, ‘গুজব রটাচ্ছেন’ পাল্টা সেলিম

তিনি আরও বলেন, “প্রথমে ২২টি আসন চেয়েছিল আইএসএফ। তা থেকে কমে ১০ আসনে নামে। আমরা বলেছিলাম ৬টি আসন দেব। কিন্তু আইএসএফ তাতে রাজি হয়নি। মিডিয়া কাউকে ফুলিয়ে ফাঁপিয়ে দেখাল, আর সে ভাবল আমি বড় নেতা হয়ে গিয়েছি।”



