আইএফএফ-এর সঙ্গে আসন সমঝোতার বিষয়টা যেন ক্রমেই দিনের পর দিন ‘মাথাব্যথার’ কারণ হচ্ছে বামফ্রন্টের জন্য। এবার সিপিআইএম রাজ্য সম্পাদক তথা মুর্শিদাবাদের বাম প্রার্থী মহম্মদ সেলিমকে ‘ভয়ঙ্কর’ প্রস্তাব দিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী!
আরও পড়ুন: এখনও দাদাগিরি শুরু করিনি! তৃণমূলের জন্য ‘দাওয়াই’ প্রস্তুত, ফের স্বমহিমায় দিলীপ
নওশাদদের দাবি, শ্রীরামপুর আসন তাঁদের ছাড়া হোক। বদলে তাঁরা মুর্শিদাবাদ থেকে নিজেদের প্রার্থীর নাম তুলে নেবেন। বিষয়টা কী? শ্রীরামপুর কেন্দ্র থেকে দীপ্সিতা ধরকে প্রার্থী করেছে বামফ্রন্ট। অন্যদিকে, মুর্শিদাবাদ থেকে লড়বেন খোদ মহম্মদ সেলিম। সেই কেন্দ্রেই আবার হাবিব শেখকে প্রার্থী করেছে আইএসএফ। ফলে, এই নিয়ে টানাপোড়েন চলছে দুই তরফেই।

এদিন নওশাদ সিদ্দিকী সাফ বলেন, “আমরা মুর্শিদাবাদটা কনসিডারের জায়গায় রাখছি। শ্রীরামপুরটা তুলে নিক বামেরা। সবটাই যদি আমাদের ঘাড়ে চাপিয়ে দে!, আমরা ছোট দল, আমরা দুর্বল, আর লোড নিতে পারছি না।”

সেলিম পাল্টা বলেছেন, “আইএসএফ অন্যের হাতে সাজানো তামাক খাচ্ছে! এভাবে বেশি দূর রাজনীতি করা যায় না। আমরা কংগ্রেস এবং আইএসএফের সঙ্গে আলোচনা করেই এগোতে চেয়েছি। এটা না তুললে ওটা তুলব না বলা মানে দর কষাকষির রাজনীতি। এটা সঠিক নয়।”
প্রথম থেকেই বামফ্রন্টের কাছে ৮টি আসন চায় আইএসএফ। যদিও ২টি আসনে রাজি ছিল বামেরা। বারাসাত ও বসিরহাট। কারণ, সেখানে সংখ্যালঘু ভোট একটা বড় ফ্যাক্টর। বামদের এই প্রস্তাব ফিরিয়ে আইএসএফ নিজেরাই ৮ আসনে প্রার্থী ঘোষণা করে দেয়। সেখানে কিছু কিছু কেন্দ্রে বামেরাও প্রার্থী দিয়েছে।
শ্রীরামপুর দিন-মুর্শিদাবাদ নিন, আর ‘লোড’ নিতে পারছি না! সেলিমকে ‘প্রস্তাব’ নওশাদের

নওশাদদের সঙ্গে বারংবার আলোচনা করেও কোনও সমাধানসুত্র মেলেনি বলে দাবি আলিমুদ্দিনের। ডায়মন্ড হারবার থেকে নওশাদ সিদ্দিকীর দাঁড়ানোর বিষয়টাও বিশ বাঁও জলে। এখন সেখানে সিপিআইএম তাঁদের ছাত্র সংগঠন এসএফআই-এর প্রাক্তন রাজ্য সম্পাদক প্রতীক-উর-রহমানকে প্রার্থী করবে বলে ভাবছে। সব মিলিয়ে জোটের ক্ষেত্রে ক্রমেই ‘ঠাণ্ডা যুদ্ধ’ চলছে দুই শিবিরে।



