নরেন্দ্র মোদির আন্তর্জাতিক কূটনীতির সাফল্যে আরও এক নতুন পালক যোগ হল। স্লোভাকিয়া সফরে গিয়ে দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘দ্য অর্ডার অফ দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস)’ গ্রহণ করলেন ভারতের প্রধানমন্ত্রী। সম্মান গ্রহণের পর মোদি জানান, এই স্বীকৃতি তাঁর ব্যক্তিগত নয়, ভারতের ১৪০ কোটি মানুষের।
বর্তমানে স্লোভাকিয়া সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরের শুরুতেই তাঁকে ঐতিহ্যবাহী রুটি ও লবণ দিয়ে স্বাগত জানানো হয়। এরপর দেশটির সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান তাঁর হাতে তুলে দেওয়া হয়, যা আন্তর্জাতিক মঞ্চে ভারতের কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
এই সম্মান পাওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে তাঁর প্রাপ্ত আন্তর্জাতিক পুরস্কারের সংখ্যা দাঁড়াল ৩৩-এ। গত এক দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন দেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করেছেন মোদি, যার প্রতিফলন হিসেবে একাধিক রাষ্ট্রীয় সম্মান তাঁর ঝুলিতে এসেছে।
২০১৬ সালে সৌদি আরবের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘কিং আব্দুল আজিজ স্যাশ’ দিয়ে শুরু হয়েছিল এই আন্তর্জাতিক স্বীকৃতির যাত্রা। এরপর ২০১৮ সালে প্যালেস্টাইনের ‘গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অফ প্যালেস্টাইন’ সম্মানে ভূষিত হন তিনি।
২০১৯ সালে সংযুক্ত আরব আমিরশাহির ‘অর্ডার অফ জায়েদ’ এবং বাহরাইনের ‘কিং হামাদ অর্ডার অফ দ্য রেনেসাঁ’ সম্মানও পান প্রধানমন্ত্রী। পরবর্তী সময়ে রাশিয়ার ‘অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোসল’, মার্কিন যুক্তরাষ্ট্রের ‘লিজিয়ন অফ মেরিট’ এবং ফ্রান্সের ‘গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজিয়ন অফ অনার’-এর মতো মর্যাদাপূর্ণ স্বীকৃতিও তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে।
শুধু তাই নয়, গায়ানার ‘অর্ডার অফ এক্সিলেন্স’ থেকে শুরু করে ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মানও পেয়েছেন মোদি। ইথিওপিয়ার ক্ষেত্রে তিনি বিশ্বের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে ওই সম্মানে ভূষিত হওয়ার নজির গড়েন।
চলতি বছরও আন্তর্জাতিক মঞ্চে একাধিক স্বীকৃতি এসেছে তাঁর ঝুলিতে। এর আগে ইজরায়েলের ‘মেডেল অফ দ্য কেনেসেট’ এবং সুইডেনের ‘রয়্যাল অর্ডার অফ পোলার স্টার’ সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি। স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মান সেই তালিকায় নতুন সংযোজন।
সম্মান গ্রহণের পর সামাজিক মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী লেখেন, “বাতিস্লাভায় ‘দ্য অর্ডার অফ দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস)’ গ্রহণ করতে পেরে আমি গর্বিত। স্লোভাকিয়ার সরকার ও জনগণকে ধন্যবাদ জানাই। এই সম্মান ভারতের ১৪০ কোটি মানুষের। ভারত-স্লোভাকিয়া বন্ধুত্বের উদ্দেশেই আমি এই সম্মান উৎসর্গ করছি।”
ভারতের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে টানা সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্বে থাকার নতুন নজির গড়ার পরই বিদেশ সফরে গিয়েছেন মোদি। সেই সফরেই স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মান প্রাপ্তি তাঁর কূটনৈতিক সাফল্যের ধারাবাহিকতাকে আরও একবার সামনে নিয়ে এল।



