আইপিএল শুরুর মুখেই বড় ধাক্কা চেন্নাই সুপার কিংস-এর। গুরুতর চোটে আপাতত ছিটকে গেলেন দলের প্রাণভোমরা মহেন্দ্র সিংহ ধোনি। প্রথম ম্যাচের আগে এমন খবরেই চিন্তায় সমর্থকরা—তাহলে কি পুরো মরসুমই অনিশ্চিত ‘থালা’-র?
শনিবার থেকে শুরু হচ্ছে আইপিএলের নতুন মরসুম, আর সোমবার নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে চেন্নাই সুপার কিংস। কিন্তু তার আগেই দুঃসংবাদ—কাফ মাসলের চোটে ভুগছেন মহেন্দ্র সিংহ ধোনি এবং এখনও সম্পূর্ণ সুস্থ হননি তিনি।


ফ্র্যাঞ্চাইজ়ির পক্ষ থেকে জানানো হয়েছে, ধোনি বর্তমানে রিহ্যাব করছেন এবং অন্তত প্রথম দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। ফলে আইপিএলের শুরুর গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে তাঁকে পাওয়া যাবে না।
প্রশিক্ষণের সময়ও ধোনিকে খুঁড়িয়ে হাঁটতে দেখা গিয়েছিল, তবে তখন চোটের বিষয়টি প্রকাশ করা হয়নি। শনিবার আনুষ্ঠানিকভাবে জানানো হয়, কাফ মাসলের চোটই তাঁর অনুপস্থিতির কারণ।
গত মরসুমেও হাঁটুর সমস্যার জন্য পুরোপুরি ফিট ছিলেন না ধোনি। সেই কারণে ব্যাটিং অর্ডারে অনেক নিচে নামতে হয়েছিল তাঁকে। এ বার মরসুম শুরুর আগেই চোটে পড়ায় বাড়তি চাপে পড়েছে দল।


প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালস-এর বিরুদ্ধে নামবে সিএসকে। এছাড়া পরবর্তী কয়েকটি ম্যাচেও ধোনিকে পাওয়া যাবে না বলে মনে করা হচ্ছে। অর্থাৎ অন্তত চারটি ম্যাচ তিনি মিস করতে পারেন।
এই পরিস্থিতিতে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়-এর ওপর দায়িত্ব আরও বাড়ল। দলের অভিজ্ঞতার অভাব কীভাবে সামাল দেবে সিএসকে, সেটাই এখন বড় প্রশ্ন।
তবে আশা করা হচ্ছে, সব কিছু ঠিক থাকলে ১৪ এপ্রিল কলকাতা নাইট রাইডার্স-এর বিরুদ্ধে ম্যাচে ফিরতে পারেন ধোনি। যদিও তাঁর চোট কত দ্রুত সারে, তার উপরই নির্ভর করছে মাঠে ফেরা।







