হঠাৎ করেই শনিবার ঝড়-বৃষ্টি মাথায় করে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্না মঞ্চে হাজির হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আন্দোলনকে সম্পূর্ণ সমর্থন করে তিনি আশ্বাস দিলেন সমস্ত সমস্যা সমাধানের। সঙ্গে যোগ করলেন, “আমি একা সরকার চালাই না। আমাকে কিছুটা সময় দিতে হবে।”
সেখানে গিয়ে তিনি সাফ ঘোষণা করেন, “সমস্ত হাসপাতালের রোগী কল্যাণ সমিতি ভেঙে দিলাম। এবার থেকে জুনিয়র চিকিৎসকদেরকে নিয়ে নতুন কমিটি গঠন করা হবে। শীর্ষ পদে থাকবেন মেডিকেল কলেজের অধ্যক্ষরা। দুর্নীতির টেন্ডারের খবর আমার কাছে আগে আসেনি। আমাকে কিছুটা সময় দিন আমি সমস্ত সমস্যার সমাধান করব।” আর মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপকে কুর্নিশ জানালেন অভিনেতা সাংসদ দেব।
তিনি বললেন, ‘দিদি, আপনাকে কুর্নিশ জানাই এই উদ্যোগের জন্য।’ ঘাটালের তৃণমূল সাংসদ মুখ্যমন্ত্রীর পদক্ষেপ নিয়ে বলেন, ‘দিদি, আপনাকে কুর্নিশ জানাই এই উদ্যোগের জন্য। আগেও আপনাকে দেখেছি আপনি কীভাবে মানুষের পাশে দাড়িয়েছেন, আজ আবার দেখলাম নিজের লোকের পাশে গিয়ে দাঁড়ালেন। আশা করছি শান্তি, ন্যায় আর সম্মান, সব ফিরে আসবে।’
উল্লেখ্য, আরজি করের তরুণী চিকিৎসকের মৃত্যুর ন্যায় বিচারের দাবিতে বিগত ৩৫ দিন ধরে আন্দোলনে রয়েছেন জুনিয়ার চিকিৎসকেরা। এদিন অচলাবস্থা কাটাতে বৃষ্টি মাথায় করে স্বাস্থ্যভবনের সামনে জুনিয়ার চিকিৎসকদের ধর্না মঞ্চে যান তৃণমূল নেত্রী।









