নজরবন্দি ব্যুরো: ফের একবার কয়লাপাচার কাণ্ডে ইডি-র হাজিরা এড়ালেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে চিঠি দিয়ে মন্ত্রী লিখেছেন, পূর্ব নির্ধারিত কর্মসূচি থাকায় তিনি দিল্লি গিয়ে হাজিরা দিতে পারছেন না। এর আগেও পঞ্চায়েত ভোটে ব্যস্ততার কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়ে গিয়েছিলেন।


প্রসঙ্গত, এর আগেই আদালতের তরফে বলা হয় যে, ১৫ দিন সময় দিয়ে মলয় ঘটককে তলব করা যেতে পারে। ইডি সূত্রে খবর, সেই অনুযায়ী ১৫ দিন সময় দিয়েই রাজ্যের মন্ত্রীকে ডাকা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও হাজিরা এড়িয়ে গেলেন মলয়। ইডি আরও জানিয়েছে, মলয়ের এভাবে হাজিরা এড়ানো এবার আদালত আবমাননার সামিল যে কারণে এবার আইনজীবীকে দিয়ে কোনও পদক্ষেপ নিতে পারে তাঁরা।

কয়লাপাচার কাণ্ডে এর আগে ২০ ও ২৬ জুন মলয় ঘটককে ডেকেছিল ইডি। কিন্তু একবার পঞ্চায়েত ভোট ও একবার রথের ব্যস্ততা দেখিয়ে হাজিরা এড়িয়ে যান মলয়। তারপর ফের আজ হাজিরা এড়িয়ে গেলেন তিনি। মূলত, মলয়ের আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য নিয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এরই মাঝে তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তীকে জেরা করে কয়লাপাচার সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে বলে দাবি করেছে ইডি। সেই সূত্রেও মলয়ের থেকে অনেক কিছু জানার আছে ইডির।



প্রসঙ্গত, এই নিয়ে ১০ বার মলয় ঘটককে হাজিরা দেবার জন্য নোটিস পাঠিয়েছে ইডি। কিন্তু মলয় হাজিরা দিয়েছেন একবার। এবার আদালত অবমাননার দায় মলয়ের ওপর চাপিয়ে তাঁকে প্যাঁচে ফেলতে চাইছে কেন্দ্রীয় সংস্থা এমনটাই সূত্রের খবর। এখন মলয়ের সঙ্গে ঠিক কী হয় সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।
ফের হাজিরা এড়ালেন মলয়, এবার মন্ত্রীর বিরুদ্ধে অন্য ব্যবস্থা নিতে পারে ED








