নজরবন্দি ব্যুরো: চলতি মাসের শেষেই মার্কিন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে নৈশভোজেও যোগ দেবেন তিনি। এনিয়ে বিগত কয়েকদিন ধরেই আলোচনা চলছে ওয়াকিবহাল মহলে। এদিকে মোদীকে স্বাগত জানাতে নানারকম প্রস্তুতি শুরু হয়েছে। তারইমধ্যে একটি ‘মোদীজি থালি’। প্রধানমন্ত্রীকে উৎসর্গ করে এই বিশেষ আয়োজন করছে এক মার্কিন রেস্তোরাঁ।
আরও পড়ুন: কো-উইন অ্যাপ নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূলের


জানা গিয়েছে, নিউজার্সি শহরের এক রেস্তোরাঁয় ‘মোদীজি থালি’ চালু হয়েছে। ভারতীয়-মার্কিন রন্ধনশিল্পী শ্রীপদ কুলকারনি এই থালির পরিকল্পনা করেছেন। তাঁর কথায়, নরেন্দ্র মোদীর সফরের আগে নিউজার্সির প্রবাসী ভারতীয়রা কিছু চমক দাবি করেছিলেন। তাঁদের কথা মাথায় রেখেই মোদীজির থালি চালু করা হয়েছে। রেস্তোরাঁ কর্তৃপক্ষের দাবি, শীঘ্রই মোদীজি থালি মানুষের মনে জায়গা করে নেবে।

কী কী খাদ্যপদ থাকছে মোদীজি থালিতে! জানা গিয়েছে, খিচুড়ি, সর্ষের শাক, কাশ্মীরি আলুর দম, ইডলি, ধোকলা, ছাঁচ, পাঁপড়, রসগোল্লা থাকবে থালিতে। মূলত বিদেশের মাটিতে ভারতের ছোঁয়া দেওয়া মূল লক্ষ্য ছিল। তবে কেবল নরেন্দ্র মোদী নয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে উৎসর্গ করেও আরও একটি থালি আনতে চলেছে এই রেস্তোরাঁ।



রেস্তোরাঁর মালিক জানিয়েছেন, শীঘ্রই মোদীজি থালি পরিবেশন করা হবে। এটি জনপ্রিয়তা পেলেই এস জয়শঙ্করকে উৎসর্গ করে দ্বিতীয় থালি চালু হবে। কারণ ভারতের বিদেশমন্ত্রী প্রবাসী ভারতীয়দের কাছে বেশ জনপ্রিয়। উল্লেখ্য, ২০২২ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনের আগে দিল্লির এক রেস্তোরাঁ ‘৫৬ ইঞ্চি মোদীজি থালি’ তৈরি করেছিল। আমিষ-নিরামিষ মিলিয়ে ৫৬ রকমের পদ পরিবেশন করা হয়েছিল। দুজন ব্যক্তি ৪০ মিনিটের মধ্যে পুরো থালির খাবার শেষ করতে পারলে সাড়ে আট লক্ষ টাকা পুরষ্কার ঘোষণা করা হয়েছিল।
মার্কিন রেস্তোরাঁয় ‘মোদীজি থালি’, মার্কিন সফরের আগে বিশেষ প্রস্তুতি








