মাওবাদ দমনের পর এবার মাদকের বিরুদ্ধে ‘যুদ্ধ’, ৩ বছরের ব্লুপ্রিন্ট জানালেন অমিত শাহ

মাওবাদ দমনের পর এবার মাদকের বিরুদ্ধে দেশজুড়ে বড় লড়াইয়ের ঘোষণা অমিত শাহের। আগামী তিন বছর প্রচার চালানোর পাশাপাশি এক লক্ষ নেশামুক্তি মিত্রকে প্রশিক্ষণের পরিকল্পনা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মাওবাদ দমনের পর এবার দেশের মাদক সমস্যাকে বড় চ্যালেঞ্জ হিসেবে সামনে রাখছে কেন্দ্রীয় সরকার। রবিবার গোয়ার এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) জানালেন, মাওবাদীদের বিরুদ্ধে যে ধরনের লড়াই চালিয়ে দেশকে ‘মাওবাদমুক্ত’ করার লক্ষ্য পূরণ করা হয়েছে, এবার একইভাবে মাদকবিরোধী অভিযানকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। আগামী তিন বছর দেশজুড়ে ব্যাপক প্রচার ও সচেতনতা কর্মসূচি চালানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।

অমিত শাহের কথায়, ‘‘মাওবাদ মুক্ত ভারত গঠনের পর এখন আমাদের লক্ষ্য মাদক। ঠিক একইভাবে মাদক সমস্যার বিরুদ্ধে লড়াই চালানো হবে। দেশকে মাদক পদার্থ থেকে সম্পূর্ণ মুক্ত করা হবে।’’ তাঁর দাবি, মাদকবিরোধী লড়াইকে শুধু আইনশৃঙ্খলার বিষয় হিসেবে না দেখে দেশব্যাপী সামাজিক আন্দোলনের রূপ দিতে চাইছে সরকার।

- Advertisement -

মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান চালানোর পাশাপাশি সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনার উপরও জোর দিয়েছেন শাহ। তাঁর দাবি, তিরুপতি থেকে পশুপতিনাথ পর্যন্ত ‘মাদক রেড করিডোর’ তৈরির পরিকল্পনার সঙ্গে যুক্তদের একাংশ অস্ত্র ছেড়ে আত্মসমর্পণ করেছে। উত্তর-পূর্ব ভারতের প্রায় ১০ হাজার যুবক অস্ত্র ত্যাগ করে মূলস্রোতে ফিরেছে বলেও দাবি করেন তিনি।

নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে আগামী তিন বছর দেশজুড়ে ব্যাপক প্রচার চালানো হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এই প্রচারে সংবাদমাধ্যমকে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সরকারের পরিকল্পনা অনুযায়ী, সচেতনতা কর্মসূচির মাধ্যমে দেশের প্রায় ৫০ কোটি মানুষের কাছে পৌঁছনোর লক্ষ্য নেওয়া হয়েছে।

মাদকবিরোধী অভিযানের সাফল্য বোঝাতে পরিসংখ্যানও তুলে ধরেন শাহ। তাঁর দাবি, ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত তৎকালীন কংগ্রেস সরকারের সময়ে প্রায় ২৬ লক্ষ কেজি মাদক বাজেয়াপ্ত হয়েছিল। ২০১৪ থেকে ২০২৬ সালের মধ্যে সেই পরিমাণ বেড়ে প্রায় ১ কোটি ১৯ লক্ষ কেজিতে পৌঁছেছে বলে দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

শুধু মাদক বাজেয়াপ্ত করাই নয়, আসক্তদের পুনর্বাসনের দিকেও নজর দেওয়ার কথা জানিয়েছেন শাহ। তাঁর বক্তব্য অনুযায়ী, এক লক্ষ ‘নেশামুক্তি মিত্র’কে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষিত এই কর্মীরা মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার কাজে সহায়তা করবেন।

- Advertisement -

এর আগে গত ২ আগস্ট ‘উন্নত ভারতের লক্ষ্যে মাদকমুক্ত যুবসমাজ সংকল্প অভিযান’ শুরু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেই কর্মসূচিতে তিনি মাদককে দেশের যুবসমাজের জন্য বড় বিপদ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি, মাদকের মাধ্যমে ভারতীয় যুবকদের বিপথে চালিত করার ষড়যন্ত্র চলছে বলেও দাবি করেছিলেন প্রধানমন্ত্রী।

এবার সেই লক্ষ্যেই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আরও বড় পরিসরে অভিযান চালানোর পরিকল্পনা সামনে আনলেন অমিত শাহ। আগামী তিন বছরে প্রচার, সচেতনতা, মাদকবিরোধী অভিযান এবং পুনর্বাসন—এই একাধিক দিককে একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনাই রবিবারের বক্তব্যে স্পষ্ট হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর