কলকাতা হাই কোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি হারিয়েছেন ২৫ হজার ৭৫৩ জন। পাল্টা সুপ্রিম কোর্টে আবেদন করে এসএসসি। তাতেও বিশেষ ‘লাভ’ হয়নি। হাই কোর্টের রায়কেই বহাল রেখেছে শীর্ষ আদালত। কিন্তু, চাকরিহারাদের মধ্যে যোগ্য-অযোগ্য বাছাই নিয়ে উঠেছে প্রশ্ন! কে যোগ্য আর কে অযোগ্য তা বাছা সম্ভব হচ্ছে না। এ নিয়েই শুরু হয়েছে বিতর্ক।
আরও পড়ুন: রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, রাজপথে ধিক্কার মিছিলে নামবে তৃণমূলের মহিলা সংগঠন
বাংলায় লোকসভা নির্বাচনের দু’দফায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তৃতীয় দফায় ভোট আগামী ৭ তারিখ। ফের একবার রাজ্যে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার বর্ধমানে সভা করলেন তিনি। সেখান থেকেই নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি বাতিল প্রসঙ্গে মুখ খুললেন প্রধানমন্ত্রী।

জানা যাচ্ছে, চাকরিহারাদের মধ্যে যারা যোগ্য তাঁদের চাকরি ফিরে পাওয়ার জন্য বিজেপির তরফে আইনি সহায়তা দেওয়া হবে জানিয়েছেন নরেন্দ্র মোদী। একই সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে এই চাকরিহারাদের জন্য লিগ্যাল সেল ও সোশ্যাল মিডিয়া সেল তৈরির নির্দেশ এসেছে প্রধানমন্ত্রীর তরফে।

SSC মামলায় যোগ্যদের চাকরি ফিরিয়ে দেবে বিজেপি সরকার, প্রতিশ্রুতি মোদীর
চাকরি বাতিল প্রসঙ্গে চাকরিহারাদের একাংশের দাবি, তাঁরা যোগ্য। কিন্তু, ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে হাই কোর্ট। সিবিআই তদন্তের রিপোর্ট অনুযায়ী, সমস্ত ওএমআর নষ্ট হয়েছে, এমনকি কোনও প্রতিলিপিও নেই। ফলে, যোগ্য-অযোগ্য বাছাই প্রায় অসম্ভব। আদালত উদাহরণ হিসাবে দিল্লিতে এরকমই একটি দুর্নীতিতে প্যানেল বাতিলের প্রসঙ্গ তুলেছে। কিন্তু, যোগ্যরা চাকরি হারিয়ে স্বাভাবিকভাবেই অখুশি। এবার প্রধানমন্ত্রী কী ব্যবস্থা নেন সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।




