নজরবন্দি ব্যুরোঃ আর উন্নয়নশীল দেশ নয়। ২০৪৭-র মধ্যে উন্নত দেশ হিসেবে বিশ্বে আত্মপ্রকাশ করবে ভারত। স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর মুখে শোনা গেল এই অঙ্গীকার। এর জন্য দেশের যুব সমাজকে এগিয়ে আসতে বলেছেন তিনি। পাশাপাশি দেশবাসীকে ৫টি সংকল্প নিতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।


এই পাঁচ সংকল্প হল- ১, বিকশিত ভারত। ২, দাসত্ব থেকে মুক্তি। ৩, উত্তরাধিকার নিয়ে গর্ব। ৪, ঐক্য। ৫, নাগরিক কর্তব্য। আগামী ২৫ বছর এই পাঁচ ক্ষেত্রে জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবক্ষেত্রে অগ্রগতি দরকার। স্বাধীনতার শতবর্ষপূর্তির আগেই আড়াই কোটি মানুষের ঘরে বিদ্যুত সংযোগ পৌঁছে দিতে হবে। জোর দিতে হবে টিকাকরণ, স্বচ্ছতায়ও। পাশাপাশি, বিভেদ ভুলে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার কথাও বলেছেন নরেন্দ্র মোদী।

স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে বক্তৃতা শুরু করার সময় প্রধানমন্ত্রী বলেন, “বৈচিত্রের দেশ ভারত।“ সেই বিভেদের মধ্যেই দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে সংকল্প নিতে বলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সবাইকে নাগরিক কর্তব্য পালনে জোর দেওয়ার জন্যেও আহ্বান জানিয়েছেন তিনি।



এদিনের বক্তৃতায় বারবার দেশের যুবসমাজের কথা উঠে এসেছে প্রধানমন্ত্রীর গলায়। তিনি বলেন, “এখন যাঁদের বয়স ২০-২৫ বছর, ২০৪৭-র মধ্যে তাঁরা ৫০ বছরে পৌঁছবেন। ওই সময় ভারত আর উন্নয়নশীল দেশ থাকবে না। উন্নত দেশের তকমা পেয়ে যাবে ভারত।“

২৫ বছরে ‘উন্নত’ দেশ হবে ভারত, দেশের অগ্রগতির জন্য ৫ সংকল্পের কথা বললেন প্রধানমন্ত্রী
এছারাও তিনি বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে দায়িত্ব নিতে হবে দেশবাসীকে। পালন করতে হবে কর্তব্য। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এই কর্তব্যের বাইরে নয় বলে জানান মোদী।







