অনেকটাই সুস্থ মিঠুন চক্রবর্তী, শনিবারই হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন ‘মহাগুরু’

ডান হাতে সফল অস্ত্রোপচারের পর এখন অনেকটাই সুস্থ মিঠুন চক্রবর্তী। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা, শনিবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সম্ভাবনা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অস্ত্রোপচারের পর অনেকটাই সুস্থ মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। বৃহস্পতিবার ডান হাতে অস্ত্রোপচার হয়েছিল বর্ষীয়ান অভিনেতার। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। সব ঠিক থাকলে শনিবারই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরবেন মিঠুন।

হাসপাতাল সূত্রে আগেই জানানো হয়েছিল, মিঠুনের অস্ত্রোপচার সফল হয়েছে। যে ডান হাতে এর আগেও অস্ত্রোপচার হয়েছিল, সেই হাতেই ফের অস্ত্রোপচার করতে হয়েছে অভিনেতার। চিকিৎসার পর আপাতত তাঁর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে।

শুক্রবার সকালে মিঠুনকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। অভিনেতার সঙ্গে দেখা করার পর মুখ্যমন্ত্রী জানান, হাসপাতালে ভর্তি হওয়ার আগে তাঁকে বিষয়টি জানিয়েছিলেন মিঠুন। তবে নিজের অসুস্থতা নিয়ে কোনওরকম প্রচার চাননি বর্ষীয়ান অভিনেতা।

মুখ্যমন্ত্রীর কথায়, অস্ত্রোপচারের বিষয়টি একেবারেই নীরবে রাখতে চেয়েছিলেন মিঠুন। খুব বেশি মানুষ যাতে বিষয়টি জানতে না পারেন, সেটাই ছিল তাঁর ইচ্ছা। তাঁর শারীরিক অবস্থার কথা জানতেন এমন কয়েক জনের মধ্যে মুখ্যমন্ত্রীও ছিলেন।

এ দিকে শুক্রবার রাতেই হাসপাতালে মিঠুনের সঙ্গে দেখা করতে পৌঁছন অভিনেতা তথা সাংসদ দেব (Dev)। প্রিয় অভিনেতাকে দেখে বেরিয়ে দেব জানান, মিঠুনদা অত্যন্ত ইতিবাচক মানসিকতার মানুষ। দ্রুত সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরুন, সেটাই তাঁর কামনা।

হাসপাতাল থেকে বেরিয়ে দেব বলেন, মিঠুনের সঙ্গে আগামী দিনে একসঙ্গে কাজ করার ইচ্ছাও রয়েছে তাঁর। তাঁর কথায়, মিঠুন যেন আর হাসপাতালে না আসেন এবং দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন—এটাই তিনি চান।

মিঠুনের অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর থেকেই তাঁর অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। তবে হাসপাতাল সূত্রের সাম্প্রতিক খবর সেই উদ্বেগ অনেকটাই কমিয়েছে। সফল অস্ত্রোপচারের পর বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন অভিনেতা।

শনিবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর বাড়িতেই কিছু দিন বিশ্রামে থাকতে হতে পারে মিঠুনকে। চিকিৎসকদের পরামর্শ মেনে ধীরে ধীরে স্বাভাবিক কাজকর্মে ফেরার সম্ভাবনা রয়েছে তাঁর। আপাতত তাঁর দ্রুত আরোগ্যের দিকেই তাকিয়ে পরিবার, সহকর্মী এবং অগণিত অনুরাগী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন