ভোটের আগে উত্তেজনা চরমে। সভা শুরু হওয়ার আগেই আরামবাগে হামলার শিকার তৃণমূল সাংসদ—ঘটনায় রক্তাক্ত রাজনীতি। অভিযোগের তির বিজেপির দিকে, যদিও সেই দাবি উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির। পরিস্থিতি ঘিরে তৈরি হয়েছে তীব্র চাপানউতোর।
সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে যাওয়ার পথে হামলার মুখে পড়েন মিতালি বাগ। অভিযোগ, দুষ্কৃতীরা তাঁর গাড়ি লক্ষ্য করে ভাঙচুর চালায়। ভাঙা কাচে গুরুতর জখম হন সাংসদ। তাঁকে দ্রুত আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় লাইভে এসে নিজের অভিজ্ঞতা জানান মিতালি বাগ। তাঁর অভিযোগ, “সভায় যোগ দিতে যাচ্ছিলাম, তখনই আমার গাড়িতে হামলা হয়। দেখুন কীভাবে কাচ ভেঙে দেওয়া হয়েছে, শরীরে এখনও কাচ ঢুকে রয়েছে।” তিনি এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন নির্বাচন কমিশনের কাছে।
TMC-এর তরফে সরাসরি অভিযোগ তোলা হয়েছে, বিজেপির মদতেই এই হামলা হয়েছে। রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরামবাগে প্রচার করার ২৪ ঘণ্টার মধ্যেই আমাদের সাংসদের উপর হামলা হল—এটা পরিকল্পিত।”
অন্যদিকে, সাগরিকা ঘোষও ঘটনার তীব্র নিন্দা করে বলেন, “নারী সুরক্ষার কথা বলা হলেও বাস্তবে আমাদের মহিলা সাংসদের উপর হামলা চালানো হচ্ছে।”
তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে BJP। তাদের দাবি, এই হামলার সঙ্গে দলের কোনও যোগ নেই।
ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ভোটের আগে এমন হামলার ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। তদন্ত শুরু হয়েছে, তবে রাজনৈতিক সংঘাত যে আরও বাড়বে, তা স্পষ্ট।



