নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে সংক্রমণের সুনামি। প্রতিদিন কয়েকগুণ হারে রাজ্যে বাড়ছে কোভিড সংক্রমণ। গত একসপ্তাহে রাজ্যে কয়েকগুণ বেড়েছে সংক্রমণ। হিসেব বলছে ১০ গুণ হারে বেড়েছে করোনা। শুধু মহানগরেই সংক্রমণ বেড়েছে ১৬ গুণ। একসপ্তাহে দৈনিক সংক্রমণ ৫০০-এর কোটা থেকে পৌঁছল ৬ হাজারে।
আরও পড়ুনঃ করোনার গ্রাসে মেয়রের ওএসডির পরিবার, আক্রান্ত পুর কমিশনার


কলকাতার সংক্রমণ পরিস্থিতিতে উদ্বেগে সরকার থেকে বিশেষজ্ঞরা। এই অবস্থায় দিন কয়েক আগেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছিলেন এবার থেকে কোথাও ৫ জনের বেশি আক্রান্ত হলে মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে তৈরি করা হবে। ইতিমধ্যেই সংক্রমণ বেড়েছে আরও কয়েকগুণ।
এই পরিস্থিতিতে আজই মহানগরের কনটেইনমেন্ট জোন ভাগ করে ঘোষণা করবে কলকাতা পুরসভা। এর আগেই শহরে ১৭ টি কনটেনমেন্ট পয়েন্ট চিহ্নিত করা হয়েছিল। সূত্রের খবর আজই ঘোষণা করা হবে সেসবের। কলকাতার ডেপুটি মেয়র অতীন ঘোষ জানিয়েছেন, ‘কনটেইনমেন্ট জোন আজই ঘোষণা হবে। মোটামুটি প্রস্তুতি নেওয়া হয়ে গিয়েছে।
মহানগরের কনটেইনমেন্ট জোন, কি জানালেন ডেপুটি মেয়র অতীন ঘোষ
মূলত, বরো ১০, ৯, ৩, ৭- এ এখনো পর্যন্ত ঠিক হয়েছে। এখনও অবধি ১৭টি জোন ঘোষণা হতে পারে। তবে এটি চূড়ান্ত সংখ্যা নয়। রিভিউ হতে পারে।’পুরসভা সূত্রে আরও খবর, প্রথম ধাপে মাইক্রো-কনটেনমেন্ট জোন হিসেবে শহরের ৫টি বহুতল আবাসন এবং ১১টি রাস্তার প্রতিটির কিছু অংশকে চিহ্নিত করা হয়েছে। ওই রাস্তাগুলির আশপাশে করোনার প্রকোপ বেশি।









