বোলপুরে সাঁঝবাতি আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২ জনের মৃত্যু, ৫ জন আহত

এখনও পর্যন্ত উদ্ধার অভিযান চলছে এবং প্রাথমিক তদন্তের মাধ্যমে আগুনের প্রকৃত কারণ জানার চেষ্টা করা হচ্ছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বোলপুরের বাঁধগোড়ায় সাঁঝবাতি নামের একটি আবাসনে সোমবার রাত ৮.৩০ নাগাদ ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। শুরুতেই মুহূর্তের মধ্যে আগুন গ্রাস করে আবাসনটির দ্বিতীয় তলার বেশিরভাগ অংশ। এই ভয়াবহ আগুনের কারণে কমপক্ষে দুই জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন পাঁচ জন। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছেছে, তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি।

প্রাথমিকভাবে জানা গেছে, এসি বিস্ফোরণের কারণে এই আগুন লেগেছিল। আগুনের কারণে আবাসনটির নীচে থাকা একটি স্কুটিতেও আগুন ধরে যায়। ঘটনার পরে স্থানীয়রা দ্রুত দমকল বিভাগে খবর দেন। দমকলের প্রথম ইঞ্জিন এসে ঘটনাস্থলে পৌঁছায় এবং দেখতে পায় যে, অনেক বাসিন্দা আটকে পড়েছেন। পরে দমকলের আরও দুটি ইঞ্জিন এসে উদ্ধার কাজ শুরু করে। তবে, বড় কোনো ল্যাডার না থাকায় বাঁশের মই দিয়ে বাসিন্দাদের উদ্ধার করা হয়।

দুই জন, স্বপন নন্দী (৬৮) এবং অঞ্জু নন্দী (৬২), অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন। এছাড়াও পাঁচ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুই শিশু রয়েছেন।

স্থানীয় পুলিশের সঙ্গে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৬০ জনকে উদ্ধার করে, যাদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপার রাণা মুখোপাধ্যায় জানান, শর্তসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। এই অগ্নিকাণ্ডের ঘটনার পর, বোলপুর শহরের শ্রীনিকেতন রোড পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়েছে।

এখনও পর্যন্ত উদ্ধার অভিযান চলছে এবং প্রাথমিক তদন্তের মাধ্যমে আগুনের প্রকৃত কারণ জানার চেষ্টা করা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন