‘পিঠে ছুরি মেরেছে পাক সেনা’, আসিম মুনিরের বিরুদ্ধে বিস্ফোরক মাসুদ আজহার

অপারেশন সিঁদুরে হামলার সময় পাশে দাঁড়ায়নি পাক সেনা, অভিযোগ জইশের। আসিম মুনিরের বিরুদ্ধে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিল মাসুদ আজহার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অপারেশন সিঁদুরের ক্ষত এখনও শুকোয়নি পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলির। এবার প্রকাশ্যেই পাক সেনার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিল জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ আজহার। তার অভিযোগ, ভারতের হামলার সময় জইশকে কার্যত একা ফেলে দিয়েছিল পাকিস্তানের সেনাবাহিনী। এমনকি ‘পিঠে ছুরি মারা’র মতো বিশ্বাসঘাতকতার অভিযোগও তুলেছে জঙ্গি সংগঠনটি। এতে নতুন করে সামনে এল পাক সেনা ও জঙ্গি গোষ্ঠীগুলির সম্পর্ক নিয়ে বহু পুরনো বিতর্ক।

ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকেই পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলির মধ্যে অস্বস্তি বাড়ছিল। এবার সেই ক্ষোভ প্রকাশ্যে এনে পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলল জইশ-ই-মহম্মদ।

জইশের দাবি, ২০২৫ সালের ৭ মে বাহাওয়ালপুরে ভারতের হামলার সময় পাকিস্তানের সেনাবাহিনী তাদের কোনওরকম সহায়তা করেনি। সংগঠনের অভিযোগ, হামলার পরে নিহত জঙ্গিদের সামরিক মর্যাদায় শেষকৃত্যে পাক সেনার আধিকারিকরা উপস্থিত থাকলেও, আক্রমণের মুহূর্তে উদ্ধার বা প্রতিরোধে সেনার কোনও সক্রিয় ভূমিকা দেখা যায়নি।

উল্লেখ্য, ‘অপারেশন সিঁদুর’-এ ভারতের অন্যতম বড় টার্গেট ছিল বাহাওয়ালপুরে জইশ-ই-মহম্মদের ঘাঁটি। ভারতীয় হামলায় সেই সদর দপ্তর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে মাসুদ আজহার নিজেই স্বীকার করে, ওই হামলায় তার পরিবারের ১০ জন সদস্য এবং চারজন ঘনিষ্ঠ সহযোগীর মৃত্যু হয়েছে।

শুধু তাই নয়, জইশের অভিযোগ আরও বিস্ফোরক। সংগঠনের দাবি, দিল্লি, কাবুল ও কান্দাহারের মতো নানা জায়গায় পাকিস্তান দীর্ঘদিন ধরে তাদের ব্যবহার করেছে। অথচ ভারতের হামলার সময় সেই জঙ্গিদেরই মৃত্যুর মুখে ফেলে রাখা হয়।

আন্তর্জাতিক মহলে বহুদিন ধরেই অভিযোগ, পাকিস্তানের সেনা ও আইএসআই বিভিন্ন জঙ্গি সংগঠনকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মদত দেয়। তবে এবার জইশের তরফে প্রকাশ্যে এমন অভিযোগ ওঠায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে কূটনৈতিক মহলে।

প্রসঙ্গত, পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যুর বদলা নিতে ২০২৫ সালের ৬ মে গভীর রাতে ‘অপারেশন সিঁদুর’ চালায় ভারত। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের মোট ৯টি জঙ্গিঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। বাহাওয়ালপুরে জইশ-ই-মহম্মদের সদর দপ্তর, মুরিদকেতে লস্কর-ই-তইবার ঘাঁটি এবং হিজবুল মুজাহিদিনের একাধিক শিবির ধ্বংস হয়ে যায় ওই অভিযানে।

ভারতের সেই অভিযানে বহু জেহাদি নিহত হয়েছিল বলেও বিভিন্ন সূত্রে দাবি করা হয়। মাসুদ আজহারের সাম্প্রতিক মন্তব্যে স্পষ্ট, সেই আঘাত এখনও ভুলতে পারেনি পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত