নজরবন্দি ব্যুরোঃ ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন পঞ্চম দিনে পৌঁছল। দুইপক্ষ বেলারুশ সীমান্তে যুদ্ধ বিরতি বৈঠকে বসার জন্য প্রস্তুত হয়েছে। তবে হামলা জারি রেখেছে রাশিয়া। গতকাল ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে প্রবেশ করে রাশিয়ার সেনা। গতকাল ইউক্রেনের রাজধানী কিয়েভে গ্যাস পাইপলাইনে বিস্ফোরণ ঘটায় রাশিয়ার সৈন্যবাহিনী।
রাশিয়া-ইউক্রেনের বর্তমান পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, সেই চিঠিতে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মর্যাদা যাতে অক্ষুন্ন থাকে সে ব্যাপারেও লিখেছেন মমতা। সব দেশের কাছে ভারতের মর্যাদা যাতে অটুট থাকে তা সকলে একসঙ্গে থেকে নিশ্চিত করতে হবে।
মমতা লিখেছেন, ‘যুদ্ধের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। আন্তর্জাতিক শান্তিরক্ষায় আমাদের ভূমিকা বরাবরের মতোই থাকুক।’ একই সঙ্গে মমতা লিখেছেন, ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার জন্য কেন্দ্রীয় সরকারের উদ্যোগের পাশেই থাকবে রাজ্য।
ইউক্রেন নিয়ে মোদীকে চিঠি মমতার, কি পরামর্শ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী?
একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীকে পরামর্শ দেন সর্বদলীয় বৈঠক ডাকার জন্য। উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আজ পঞ্চম দিনে পা রাখল। ইউক্রেনে বিভিন্ন দিক থেকে রাশিয়ায় ঢোকার চেষ্টা করেছে রুশ সেনাবাহিনী। বাঙ্কারে আশ্রয় নিয়েছেন ইউক্রেনে আটকে থাকা বহু ভারতীয়। বিদেশ মন্ত্রকের সূত্রে জানা গিয়েছে ইউক্রেনে ভারতের প্রায় ১৮,০০০ জন নাগরিক আটকে পড়েছে। এর মধ্যে ১৬,০০০ জনই পড়ুয়া। তাদের মধ্যে কয়েক হাজার জন নাগরিককেই ফিরিয়ে আনা হয়েছে।



