বিধানসভা নির্বাচন যত এগোচ্ছে, ততই ঘনাচ্ছিল এক প্রশ্ন—ছাব্বিশে কি ফের কংগ্রেসের হাত ধরবে তৃণমূল? সেই জল্পনার ইতি টানলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে স্পষ্ট জানিয়ে দিলেন, বাংলার নির্বাচনে তৃণমূল কংগ্রেস একাই লড়ে, ভবিষ্যতেও তার ব্যতিক্রম হবে না।
মঙ্গলবার দিল্লির বঙ্গভবনে এসআইআর-এ ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো। তাঁর পাশে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে উঠে আসে কংগ্রেস-তৃণমূল জোটের সম্ভাবনার প্রসঙ্গ। বিশেষ করে বিহারে রাহুল গান্ধী-র ‘ভোটার অধিকার যাত্রা’ নিয়ে আলোচনার প্রেক্ষিতে জল্পনা আরও বেড়েছিল।
সেই প্রশ্নের উত্তরে মমতা সোজাসাপ্টা বলেন, “আমি আপনাকে সন্তুষ্ট করতে পারব না। তৃণমূল কংগ্রেস বাংলায় একাই লড়াই করে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সব দল লড়াই করে। লড়তে দিন। যে যার নিজের ভাবনা।” অর্থাৎ, ভারতীয় জাতীয় কংগ্রেস-এর সঙ্গে জোটের সম্ভাবনা কার্যত নাকচ করেই দিলেন তিনি।
ছাব্বিশের নির্বাচনে তৃণমূল কত আসন পেতে পারে—এই প্রশ্নে অবশ্য ভবিষ্যদ্বাণী করতে নারাজ মমতা। হেসে বলেন, “আমি রাজনৈতিক জ্যোতিষী নই। তবে এবার আরও বেশি আসন পাব।” আত্মবিশ্বাসী সুরে তিনি আরও যোগ করেন, “নির্বাচনে জয়ের পর আবার আপনাদের সঙ্গে দেখা হবে। তখন ভালো মিষ্টি খাওয়াব।”
রাজনৈতিক মহলের মতে, এদিনের সাংবাদিক বৈঠকে একাধিক জল্পনায় জল ঢাললেন তৃণমূল নেত্রী। ২০১৬ ও ২০২১ সালে কংগ্রেস বামেদের সঙ্গে আসন সমঝোতায় গেলেও, এ বার সেই পথেও তাদের আগ্রহ স্পষ্ট নয়। ফলে ২০১১-র মতো তৃণমূল-কংগ্রেস জোটের সম্ভাবনা নিয়ে যে আলোচনা চলছিল, তার ইতি টানলেন মমতা নিজেই।



