ভবানীপুরে ভোটগণনার আগে কাউন্টিং এজেন্টদের তলব, নিজের বাড়িতে চূড়ান্ত প্রস্তুতির বৈঠকে মমতা

ভবানীপুরে ভোটগণনার আগে কাউন্টিং এজেন্ট, কাউন্সিলর ও ওয়ার্ড সভাপতিদের নিয়ে কালীঘাটে বৈঠক ডাকলেন মমতা, গণনার দিন কৌশল ঠিক করতেই এই উদ্যোগ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটগণনার ঠিক আগের সন্ধ্যায় ভবানীপুরে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। নিজ কেন্দ্রের কাউন্টিং এজেন্ট, কাউন্সিলর এবং ওয়ার্ড সভাপতিদের নিয়ে কালীঘাটে জরুরি বৈঠক ডাকলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গণনার দিন কীভাবে কাজ চলবে, কোথায় কী সতর্কতা নিতে হবে—সবকিছু নিয়েই শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে শাসক শিবির।

দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাসভবন সংলগ্ন দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আটটি ওয়ার্ডের কাউন্সিলর ও সভাপতি-সহ দলের গুরুত্বপূর্ণ পদাধিকারীদের ডাকা হয়েছে এই বৈঠকে।

সোমবার ভবানীপুর-সহ রাজ্যের মোট ২৯৩টি বিধানসভা কেন্দ্রে ভোটগণনা। তার আগে নিজের কেন্দ্রকে ঘিরে কোনও ঝুঁকি নিতে চাইছে না তৃণমূল। দলীয় সূত্রে খবর, এই বৈঠকে কাউন্টিং এজেন্টদের দায়িত্ব ও ভূমিকা স্পষ্ট করে দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে, গণনাকেন্দ্রে প্রতিটি ধাপে কীভাবে নজরদারি চালাতে হবে, সে বিষয়ে বিস্তারিত নির্দেশ দেওয়া হতে পারে।

এর আগে শনিবার বিকেলে তৃণমূলের সর্বস্তরের প্রার্থী ও নেতৃত্বকে নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে গণনাপ্রক্রিয়া নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করা হয়। জানা গিয়েছে, গণনাকেন্দ্রের প্রতিটি মুহূর্তের খবর শীর্ষ নেতৃত্বকে জানাতে বলা হয়েছে। কোথাও অল্প ব্যবধানে পিছিয়ে পড়লে পুনর্গণনার আবেদন করার কথাও বলা হয়েছে।

অন্যদিকে, ভবানীপুরে বিজেপিও সক্রিয়। শুক্রবার অরফ্যানগঞ্জে দলীয় কার্যালয়ে কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠক করেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ফলে গণনার আগে দুই প্রধান প্রতিদ্বন্দ্বী শিবিরই নিজেদের মতো করে প্রস্তুতি সেরে নিচ্ছে।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভবানীপুরে ভোটগ্রহণ হয়। শুরু থেকেই এই কেন্দ্র রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে। কারণ, এখানে মুখোমুখি হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের পর এই লড়াইয়ে কে শেষ হাসি হাসবেন, তা নিয়েই চূড়ান্ত কৌতূহল রাজনৈতিক মহলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত