শেষ হয়েছে লোকসভা নির্বাচন। দীর্ঘ দেড় মাসের বেশি সময় ধরে যে গণতন্ত্রের উৎসব চলছিল তার যবনিকা পতন হল শনিবার। আর নির্বাচনের শেষেই বিভিন্ন বুথফেরত সমীক্ষা বলছে, এবার ফের একবার বিজেপি সরকার ক্ষমতায় আসছে। এমনকি পশ্চিমবঙ্গেও বিজেপি এবার তৃণমূলের চেয়ে বেশি আসন পেতে চলেছে।
আরও পড়ুন: গণতন্ত্রের উৎসবে মৃত্যুমিছিল, শেষ দফায় হিট স্ট্রোকে প্রাণ গেল ৩৩ জন ভোটকর্মীর
আর এই সমীক্ষা প্রকাশের পর, তৃণমূলের অনেক কর্মীরাই কিছুটা হতাশ হয়ে পড়েছেন বলে সূত্রের খবর। সেই কারণেই তাঁদের মনোবল জোগালেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ বললেন, “এই সব সমীক্ষা ভুয়ো, আপনারা এসব নিয়ে না ভেবে গণনায় অংশ নিন।”

সঙ্গে তিনি আরও বলেন, “আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাঠে ময়দানে নেমে কাজ করেছে। প্রতিটা মানুষের কাছে আমরা পৌঁছে যাবার চেষ্টা করেছি। তাই আমি আত্মবিশ্বাসী। কোন আসন কে পাবে এই সব কথায় আমি যাব না। সংখ্যা বলব না। মানুষের প্রতি আমার বিশ্বাস আছে। সেই অনুযায়ী ফল হবে।”
প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভায় বিজেপি পায় ১৮টি আসন, তৃণমূল পায় ২২টি। এবার এবিপি সি-ভোটার সমীক্ষা বলছে, তৃণমূল পাবে ১৩-১৭টি আসন, বিজেপি পাবে ২৩-২৭টি আসন, বাম-কংগ্রেস জোট পাবে ১-৩টি আসন। টুডেজ চাণক্য সমীক্ষা বলছে, তৃণমূল পাবে ১২-২২টি আসন, বিজেপি পাবে ১৯-২৯টি আসন, বাম-কংগ্রেস জোট পাবে ০-২টি আসন।
সমীক্ষা নিয়ে ভাববেন না, গণনায় অংশ নিন, কর্মীদের মনোবল দিলেন তৃণমূল নেত্রী

রিপাবলিক টিভি-পি মার্ক সমীক্ষা বলছে, তৃণমূল পাবে ২০টি আসন, বিজেপি পাবে ২২টি আসন। তবে, নজরবন্দির সমীক্ষা অনুযায়ী, তৃণমূল পাবে ২৩টি আসন, বিজেপি পাবে ১৬টি আসন, বাম-কংগ্রেস জোট পাবে ৩টি আসন।



