তারেক রহমানকে অভিনন্দন জানালেন মমতা, দুই বাংলার সুসম্পর্কে নতুন বার্তা

বাংলাদেশের নির্বাচনে বিএনপি-র বড় জয়ের ইঙ্গিত মিলতেই তারেক রহমানকে অভিনন্দন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়, দুই বাংলার সম্পর্ক অটুট রাখার বার্তাও দিলেন তিনি।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলাদেশের নির্বাচনী ফলাফল স্পষ্ট হতেই রাজনৈতিক বার্তায় সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিএনপি-র চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য বড় জয়ের ইঙ্গিত মিলতেই তাঁকে প্রকাশ্যে অভিনন্দন জানিয়ে দুই বাংলার সম্পর্ক অটুট রাখার বার্তা দিলেন তিনি—যা সীমান্ত পেরিয়ে নতুন কূটনৈতিক সমীকরণের ইঙ্গিত বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

শুক্রবার সমাজমাধ্যমে মমতা লেখেন, বাংলাদেশের সাধারণ মানুষকে তাঁর শুভেচ্ছা ও আগাম রমজান মোবারক। পাশাপাশি তিনি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ‘বিপুল জয়ের’ জন্য অভিনন্দন জানান। মমতা লেখেন, তাঁর দল এবং অন্যান্য রাজনৈতিক শক্তিকেও শুভেচ্ছা জানাচ্ছেন তিনি, যাতে দেশের মানুষ শান্তি ও সুখে থাকতে পারে।

একই সঙ্গে তিনি স্পষ্ট বার্তা দেন, প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সুসম্পর্ক আগামী দিনেও বজায় থাকবে। দুই বাংলার মানুষের আবেগ, ইতিহাস ও সংস্কৃতির যোগসূত্রকে উল্লেখ করে তিনি সম্পর্কের ধারাবাহিকতার উপর জোর দেন।

প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের সময়েও পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক বজায় ছিল। তবে রাজনৈতিক পালাবদলের পর নতুন পরিস্থিতিতে সম্পর্কের দিকনির্দেশনা কী হবে, তা নিয়ে কৌতূহল ছিল। সেই প্রেক্ষিতেই মমতার এই বার্তা তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়েছে। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে ভোট স্থগিত রয়েছে। সরকার গঠনের জন্য প্রয়োজন ১৫১টি আসন, আর গণনার ধারা অনুযায়ী বিএনপি সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোচ্ছে বলেই ইঙ্গিত মিলছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর