নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের মন্ত্রিসভায় রদবদল করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি তা হতে পারে, মুখ্যমন্ত্রীর স্পেন সফরের আগেই। কাকে কাকে মন্ত্রিসভায় সংযোজন করবেন মুখ্যমন্ত্রী আর কাদেরই বা ডানা ছাঁটবেন তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে।
আরও পড়ুনঃ কোন দিন দেখব কবি ঠাকুরের নাম চেঞ্জ করে দিয়েছে! INDIA ইস্যুতে কেন্দ্রকে নিশানা মমতার


সূত্রের খবর, মন্ত্রিসভায় রদবদলের ক্ষেত্রে দুটি নাম উঠে আসছে। যাদের মধ্যে একজন হলেন মানস ভূঁইয়া এবং অপরজন বাবুল সুপ্রিয়। এই মুহূর্তে মানস জলসম্পদ উন্নয়ন মন্ত্রী। কয়েক মাস আগেই তাঁকে পরিবেশ দপ্তর থেকে মুক্তি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে জল্পনা, এবার জলসম্পদ উন্নয়ন মন্ত্রকও মানসের হাত থেকে চলে যেতে পারে অন্য কোনও মন্ত্রীর কাছে। সেক্ষেত্রে মানসকে হয়তো অন্য কোনও দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে।

অন্যদিকে, বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয়কে তথ্যপ্রযুক্তি এবং পর্যটন দফতরের মন্ত্রী করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু জানা যাচ্ছে পর্যটন বাবুল সুপ্রিয়র থেকে সরিয়ে নেওয়া হতে পারে। কিছুদিন আগে বিধানসভায় প্রাক্তন পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেনের সঙ্গে বাদানুবাদে জড়ান বাবুল সুপ্রিয়। সেই পরিপ্রেক্ষিতেই কি বাবুলের থেকে মন্ত্রিত্ব কেড়ে নেবেন মমতা? তা যদিও সময় বলবে। তবে পর্যটন না থাকলেও বাবুল সুপ্রিয় তথ্যপ্রযুক্তি দফতরে থাকবেন বলেই জানা গেছে।



স্পেন সফরের আগেই মন্ত্রিসভায় রদবদলের ভাবনা মমতার, নজরে কারা?
পাশাপাশি বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে খাদ্য দপ্তরের ফিরিয়ে আনা হতে পারে বলে জল্পনা রয়েছে। সেক্ষেত্রে বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে অন্য কোন দফতরের দায়িত্ব দেওয়া হবে। অন্যান্য বেশ কিছু মন্ত্রী যেমন ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায় বা অরূপ বিশ্বাসের দায়িত্ব বাড়তে পারে। জানা গিয়েছে, বনদফতরের প্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদার দায়িত্ব বাড়তে পারে কারণ তাঁর কাজে মুখ্যমন্ত্রী খুবই খুশি। এখন, কারা কোন মন্ত্রকের দায়িত্ব পাবেন তা জানা যাবে খুব শীঘ্রই।








