নজরবন্দি ব্যুরোঃ রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধীদের রণকৌশল স্থির করতে ১৫ জুন দিল্লিতে বিরোধীদের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে দিনই তাঁর দিল্লি যাওয়ার কথা। আলোচনায় অংশ নিতে কেরলের মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিটব্যুরো সদস্য পিনারাই বিজয়ন-সহ দেশের ২২ জন বিরোধী নেতানেত্রীকে চিঠি দিয়েছেন মমতা।
আরও পড়ুনঃ পুলিশি বাধা উপেক্ষা, হাওড়া যাওয়ার পথে গ্রেফতার সুকান্ত মজুমদার
বিজেপি বিরোধিতায় কংগ্রেসের আন্তরিকতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। ২০২৪-এর লোকসভা নির্বাচনের দিকে তাকিয়ে সোনিয়া রাষ্ট্রপতি ভোটকে সামনে রেখে বিরোধী নেতৃত্বের রাশ নিজের হাতে নিতে উদ্যোগী হলেও বিজেপি বিরোধী দলগুলিকে এক ছাতার তলায় আনতে মমতা বন্দ্যোপাধ্যায়কেই বারবার উদ্যোগ নিতে হচ্ছে।
এবারেও তার ব্যতিক্রম হল না। দিল্লিতে অবিজেপি নেতাদের নিয়ে বৈঠকেরও মূল উদ্যোক্তাও মমতাই। বিরোধীরা যে ঐক্যবদ্ধ সেই বার্তা দিতে মমতা বন্দ্যোপাধ্যায় কোনওরকম ছুৎমার্গ না রেখে বিরোধী শিবিরের কার্যত সব নেতাকেই চিঠি দিয়েছেন।

চিঠি গিয়েছে অবিজেপি-অকংগ্রেসি আট রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। কংগ্রেসের একমাত্র প্রতিনিধি হিসাবে চিঠি গিয়েছে সোনিয়ার কাছে। রাহুল গান্ধীকে ওই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি।
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধীদের বৈঠক ডাকলেন মমতা, সোনিয়া-সহ ২২ নেতানেত্রীকে চিঠি
দুই কংগ্রেস শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরাও চিঠি পাননি। এখন দেখার বাংলার মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে কতজন ওই বৈঠকে উপস্থিত থাকেন। কংগ্রেস কী অবস্থান নেয়, সেটাও লক্ষণীয় বিষয়।



