নদিয়ায় সভা করতে আসছেন মমতা, বাড়ছে ভোটের উত্তাপ রাজ্যে

রাজ্যে ভোটের আগে জেলায় জেলায় জনসভা শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়; এসআইআর ইস্যুতে মানুষের পাশে থাকার বার্তা আরও জোরদার হতে পারে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পশ্চিমবঙ্গে ভোটের নির্ঘণ্ট প্রকাশ হতে এখনও কয়েক মাস বাকি। তবুও রাজনৈতিক অঙ্গনে যে ভোটের উত্তাপ ক্রমশ বাড়ছে, তা আন্দাজ করা যায় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর সাম্প্রতিক কর্মসূচি থেকেই। জেলায় জেলায় একের পর এক জনসভা করে রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরও উৎসাহব্যঞ্জক করে তুলছেন তিনি। আগামী ১১ ডিসেম্বর নদিয়ার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে বড়সড় সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা কেন্দ্র করে উত্তেজনা চরমে।

নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে প্রশাসন। শনিবার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি খতিয়ে দেখেন এডিজি সাউথ বেঙ্গল-সহ কৃষ্ণনগর পুলিশ জেলার শীর্ষ আধিকারিকরা। সভা স্থলে কোন দিক দিয়ে ভিড় প্রবেশ করবে, কীভাবে নিয়ন্ত্রণ করা হবে, কোথায় নিরাপত্তার নজরদারি জোরদার করা দরকার—সবই যাচাই করা হয়েছে। নিরাপত্তায় কোনও ফাঁক রাখতে রাজি নয় পুলিশ।

নদিয়ায় সভা করতে আসছেন মমতা, বাড়ছে ভোটের উত্তাপ রাজ্যে

এর আগে উত্তর ২৪ পরগনার বনগাঁয় এসআইআর আবহে প্রথম রাজনৈতিক সভা করেন মমতা। সেখানে তিনি স্পষ্ট বার্তা দেন, এসআইআর নিয়ে আতঙ্কের কোনও কারণ নেই। মানুষের পাশে তৃণমূল আছে বলেই আশ্বস্ত করেছিলেন তিনি। এরপর মালদহ ও মুর্শিদাবাদেও সভা করেন মুখ্যমন্ত্রী। প্রতিটি সভায় তাঁর বক্তব্য—তিনি ভোটের রাজনীতি নয়, মানুষের রাজনীতি করেন। মানুষের পাশে থাকা তাঁর প্রথম ও শেষ লক্ষ্য।

এই পরপর জনসভাগুলোর পর আগামী ৯ ডিসেম্বর মমতার কোচবিহারে সভা নির্ধারিত রয়েছে। আর তার মাত্র দু’দিন পরই নদিয়ায় সভা। যদিও জেলা পুলিশ এখনও পর্যন্ত কোনও সরকারিভাবে নির্দেশিকা পায়নি। তবে তাও নিরাপত্তা খতিয়ে দেখা হচ্ছে জোরকদমে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এটি স্পষ্ট ইঙ্গিত—মমতার নদিয়ায় সভা প্রায় নিশ্চিত।

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, নদিয়া জেলার সামাজিক সমীকরণের দিকে তাকিয়েও এই সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বনগাঁর মতো নদিয়াতেও মতুয়া সম্প্রদায়ের একটি বড় অংশ বাস করেন। ফলে কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে মমতা বন্দ্যোপাধ্যায় কোন বার্তা দেন, তা শুধু নদিয়া নয়, সমগ্র দক্ষিণবঙ্গের ভোট-সমীকরণকে প্রভাবিত করতে পারে। তৃণমূলের কাছে মতুয়া ভোট সবসময়ই মূল্যবান, এবং বিজেপির সঙ্গে এই ভোটব্যাঙ্কের টানাপোড়েন প্রাক-নির্বাচনী রাজনীতিতে বিশেষ জায়গা করে নিয়েছে।

তৃণমূল সূত্রের মতে, এই সভায় এসআইআর নিয়ে উদ্বেগ কমানোর পাশাপাশি উন্নয়ন, গ্রামীণ প্রকল্প, মহিলাদের নিরাপত্তা—এমন নানা বিষয় কেন্দ্র করে বড়ো বার্তা দিতে পারেন মমতা। একইসঙ্গে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তাঁর রাজনৈতিক অবস্থানও আরও তীব্র হতে পারে। রাজনৈতিক মহলের মতে, নদিয়ার সভা নির্বাচনের আগমুহূর্তে তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ প্রচার-সমাবেশ হতে চলেছে।

জেলার তৃণমূল নেতৃত্ব সভা সফল করতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। মাঠ সাজানো থেকে মঞ্চ নির্মাণ—সব কাজেই তৎপরতার ছাপ মিলছে। রাজ্য জুড়ে যখন ভোটের আবহ তৈরি হচ্ছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায়-এর এই টানা জনসভা নিঃসন্দেহে তৃণমূল কর্মী ও সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা এনে দিচ্ছে।

এখন সবার দৃষ্টি একটাই—কৃষ্ণনগরের মঞ্চে দাঁড়িয়ে মমতা ঠিক কী বার্তা দেবেন? বিশেষ করে মতুয়া ভোট-ব্যাঙ্ক ও এসআইআর ইস্যু কেন্দ্র করে তাঁর বক্তব্য রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্ব বহন করবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন