পুরভোটে নজর তৃণমূলের, কলকাতার পর শহরতলির ৪ পুরসভাকে নিয়ে বৈঠকে মমতা

কলকাতা পুরসভার পর এবার উত্তর শহরতলির ৪ পুরসভা ও বিধাননগর পুরনিগমের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনের ফলাফলের পর রাজনৈতিক সমীকরণ নতুন করে সাজাতে নেমেছে তৃণমূল কংগ্রেস। এবার লক্ষ্য পুরভোট। কলকাতা পুরসভার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সোমবার শহরতলির একাধিক গুরুত্বপূর্ণ পুরসভার মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসছেন দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক ও সাংগঠনিকভাবে এই বৈঠককে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

দলীয় সূত্রের খবর, সোমবার বিকেলে কালীঘাটের বাড়িতে বৈঠকে ডাকা হয়েছে উত্তর শহরতলির একাধিক পুর প্রশাসনিক প্রতিনিধিকে। তালিকায় রয়েছে দমদম, উত্তর দমদম, দক্ষিণ দমদম, বরানগর এবং বিধাননগর পুরনিগম-এর মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলররা।

রবিবার সংশ্লিষ্ট পদাধিকারীদের কাছে বৈঠকের বার্তা পৌঁছে দেন সদ্য দায়িত্বপ্রাপ্ত দমদম সাংগঠনিক জেলার সভাপতি এবং কামারহাটির বিধায়ক মদন মিত্র। এর আগে বিধায়ক, সাংসদ, জেলা পরিষদের সদস্য এবং কলকাতা পুরনিগমের প্রতিনিধিদের নিয়েও ধারাবাহিক বৈঠক করেছেন তৃণমূল নেতৃত্ব।

দলীয় পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন পুরসভায় প্রতিনিধি ইস্তফা ও বোর্ড নিয়ে রাজনৈতিক চাপের আবহে সংগঠনকে সক্রিয় রাখা এবং জনসংযোগ জোরদার করাই এখন দলের মূল লক্ষ্য। সেই কারণেই পুরস্তরে আলাদা করে সাংগঠনিক সমন্বয়ে জোর দেওয়া হচ্ছে।

আগের বৈঠকগুলিতেও মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় প্রতিনিধিদের জনপরিষেবা চালিয়ে যাওয়া এবং স্থানীয় স্তরে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর বার্তা দিয়েছেন বলে দলীয় সূত্রে দাবি। পাশাপাশি পুরসভার পরিষেবা ব্যবস্থায় কোনও ঘাটতি না রাখার নির্দেশও উঠে এসেছে।

এদিকে সাংগঠনিক পুনর্বিন্যাসও চলছে সমান্তরালভাবে। রবিবার দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল যুব সংগঠনের নতুন সভাপতি করা হয়েছে শ্রীদীপ দাস-কে। এতদিন সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা শ্রীদীপ এবার নতুন ভূমিকায় এলেন। আগে এই পদে ছিলেন সার্থক বন্দ্যোপাধ্যায়

পুরভোটকে সামনে রেখে সাংগঠনিক বার্তা, জনসংযোগ এবং প্রশাসনিক কার্যকারিতা— এই তিনকে সামনে রেখেই তৃণমূলের পরবর্তী রাজনৈতিক প্রস্তুতি এগোচ্ছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

আরও খবর