‘তুমি থাকো, নজর রাখো… আমি আবার আসছি’—আই-প্যাক প্রধানকে নির্দেশ দিয়ে সেক্টর ফাইভ ছাড়লেন মমতা

ইডি তল্লাশির মাঝেই সেক্টর ফাইভ ছাড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাওয়ার আগে আই-প্যাক প্রধান প্রতীক জৈনকে নির্দেশ—নজর রাখো, রিপোর্ট তৈরি করো, আমি ফিরছি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ইডি তল্লাশিকে ঘিরে টানটান উত্তেজনার মধ্যেই সল্টলেক সেক্টর ফাইভ ছাড়লেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। তবে যাওয়ার আগে স্পষ্ট বার্তা দিয়ে গেলেন আই-প্যাক প্রধান Pratik Jain-কে—“তুমি থাকো, নজর রাখো… কী কী নথি নেওয়া হয়েছে তার রিপোর্ট রেডি করো। আমি আবার আসছি।” ইঙ্গিত স্পষ্ট, বিষয় ‘সেটল’ না হওয়া পর্যন্ত এই সংঘাত থামছে না।

বৃহস্পতিবার ভোর থেকে Enforcement Directorate-এর তল্লাশি অভিযান শুরু হতেই সল্টলেক সেক্টর ফাইভে চাঞ্চল্য ছড়ায়। রাজ্য সরকারের পরামর্শদাতা সংস্থা IPAC-এর দফতর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে একযোগে অভিযান শুরু হয়। খবর পেয়েই প্রথমে লাউডন স্ট্রিটে প্রতীকের বাড়িতে এবং পরে সেক্টর ফাইভে আই-প্যাকের দফতরে পৌঁছে যান মুখ্যমন্ত্রী।

সূত্রের খবর, প্রতীক জৈনের বাড়িতে মুখোমুখি কথা হয় দু’জনের। সেই সময় মুখ্যমন্ত্রী তাঁকে আশ্বস্ত করে বলেন, “তুমি চিন্তা কোরো না। দল আছে, আমি আছি।” এরপর সল্টলেকের অফিসে পৌঁছে ইডি আধিকারিকদের সামনে সরাসরি ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। তাঁর প্রশ্ন ছিল, “তোমরা কী সব চুরি করতে এসেছ? এটা কী ধরনের অভিযান? এখানে আমার দলের গুরুত্বপূর্ণ নথি রয়েছে—সেগুলো নিতে এসেছ?”

আই-প্যাকের অফিসের ভিতরেই মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ঘোষণা করেন, সব কিছু নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি দফতর ছাড়বেন না। বেশ কিছুক্ষণ অবস্থান করার পর গঙ্গাসাগর মেলার উদ্বোধন উপলক্ষে আউট্রাম ঘাটে যাওয়ার প্রয়োজন পড়ে মুখ্যমন্ত্রীর। তখনই তিনি সেক্টর ফাইভ ছাড়েন, তবে ফেরার বার্তা দিয়ে।

রাজনৈতিক মহলের মতে, মুখ্যমন্ত্রীর এই ‘চলে যাওয়া কিন্তু লড়াই চালু’ কৌশল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একদিকে প্রশাসনিক কর্মসূচি, অন্যদিকে ইডি অভিযানের বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান—দুটিই সমান্তরাল ভাবে চালাচ্ছেন তিনি।

ইডি–আইপ্যাক–নবান্ন সংঘাত ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তাপ আরও বাড়বে বলেই মনে করছেন পর্যবেক্ষকেরা। মুখ্যমন্ত্রী যে আবার সেক্টর ফাইভে ফিরবেন, সেই ইঙ্গিতেই আপাতত নজর গোটা রাজনৈতিক মহলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর