ভোটার তালিকা সংশোধন (SIR) ঘিরে অসন্তোষ ক্রমশ চরমে। শুনানির নামে সাধারণ ভোটারদের হয়রানি করা হচ্ছে, এমনকি তাঁদের জমা দেওয়া নথিপত্রও গ্রাহ্য করছে না নির্বাচন কমিশন—এই অভিযোগ তুলে ফের দিল্লির দরবারে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-কে পাঠানো পঞ্চম চিঠিতে তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন SIR প্রক্রিয়ার স্বচ্ছতা ও আইনসঙ্গততা নিয়ে।
মুখ্যমন্ত্রীর অভিযোগ, SIR শুনানিতে ভোটাররা যে নথিপত্র জমা দিচ্ছেন, তা শুধু উপেক্ষাই করা হচ্ছে না—অনেক ক্ষেত্রে প্রাপ্তিস্বীকারও দেওয়া হচ্ছে না। তাঁর দাবি, এই প্রক্রিয়া সম্পূর্ণ ভিত্তিহীন ও বেঠিক। এ ভাবে কাজ চললে যে কোনও সময়ে যে কোনও ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
মমতার চিঠিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, নির্বাচন প্রক্রিয়ার মতো সংবেদনশীল বিষয়ে এমন অব্যবস্থা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। সাধারণ মানুষের বিশ্বাস নষ্ট হচ্ছে, আতঙ্ক তৈরি হচ্ছে ভোটারদের মধ্যে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কমিশনের এই ভূমিকা কার্যত ভোটাধিকার খর্ব করার শামিল।
উল্লেখ্য, এটাই প্রথম নয়। এর আগেও একাধিক বার SIR সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে নির্বাচন কমিশন-এর কাছে আপত্তি জানিয়েছে রাজ্য সরকার। মাত্র দু’দিন আগেই, শনিবার শুনানির নোটিস সংক্রান্ত বিষয়েও মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
রাজনৈতিক মহলের একাংশের মতে, ভোটার তালিকা সংশোধনের নামে যে ভাবে তড়িঘড়ি শুনানি ও নথি যাচাই করা হচ্ছে, তাতে প্রশাসনিক ত্রুটি যেমন রয়েছে, তেমনই রাজনৈতিক বিতর্কও তীব্র হচ্ছে। তৃণমূলের দাবি, এই প্রক্রিয়ার মাধ্যমে বাংলার ভোটারদের ভয় দেখানো হচ্ছে।
SIR নিয়ে এই পঞ্চম চিঠির পর নির্বাচন কমিশন কী অবস্থান নেয়, সে দিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল। কারণ, এই বিতর্কের প্রভাব যে আগামী দিনের ভোট রাজনীতিতে পড়বে, তা প্রায় নিশ্চিত।



