দক্ষিণবঙ্গেও ঝড়ো প্রচার শুরু মমতার, অনুব্রত-গড় বীরভূমে ২৬ মার্চে বড় সভা

২৬ মার্চ ময়ূরেশ্বরে মমতার সভা ঘিরে জোর প্রস্তুতি, কোটাসুর ও লোকপাড়া—দুটি মাঠের মধ্যে চলছে চূড়ান্ত বাছাই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও সমান্তরালভাবে নির্বাচনী প্রচারে ঝাঁপাতে চলেছেন Mamata Banerjee। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে জোরকদমে প্রচারের পরিকল্পনায় এবার তাঁর লক্ষ্য বীরভূম—রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘অনুব্রত-গড়’। ২৬ মার্চ, বৃহস্পতিবার ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্রে একটি বিশাল জনসভা করার কথা রয়েছে তৃণমূল সুপ্রিমোর।

এই সভাকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে তৎপরতা শুরু হয়ে গিয়েছে। রামপুরহাট মহকুমা পুলিশের নির্দেশে রবিবার ময়ূরেশ্বর ২ ব্লকের দুটি সম্ভাব্য সভাস্থল খতিয়ে দেখেন প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।

প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে—কুণ্ডলা গ্রাম পঞ্চায়েতের কোটাসুর উচ্চ বিদ্যালয়ের ফুটবল মাঠ এবং ঢেকা গ্রাম পঞ্চায়েতের লোকপাড়া কলেজ মাঠ। দুই জায়গাতেই জনসমাগমের সক্ষমতা, নিরাপত্তা ব্যবস্থা, যোগাযোগের সুবিধা এবং পরিকাঠামো খতিয়ে দেখা হয়েছে। যদিও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।

দলীয় সূত্রে জানা যাচ্ছে, বোলপুরে তৃণমূল কংগ্রেসের জেলা কোর কমিটির বৈঠকে সভাস্থল নির্বাচন-সহ সার্বিক প্রস্তুতি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। স্থানীয় নেতৃত্বের একাংশের মতে, কোটাসুর উচ্চ বিদ্যালয়ের মাঠই এগিয়ে রয়েছে—যোগাযোগ ব্যবস্থার দিক থেকেও যা বেশি সুবিধাজনক।

ইতিমধ্যেই সম্ভাব্য সভাস্থলে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। মঞ্চ নির্মাণ, নিরাপত্তা বলয় তৈরি, যানবাহন নিয়ন্ত্রণ এবং জনসমাগম পরিচালনা—সব দিকেই প্রস্তুতি শুরু করেছে প্রশাসন।

এই সভাকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ তুঙ্গে। ময়ূরেশ্বরের বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী Abhijit Roy নিজেও প্রস্তুতির প্রতিটি দিক তদারকি করছেন।

রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে এই জনসভা ময়ূরেশ্বর-সহ পার্শ্ববর্তী অঞ্চলে তৃণমূলের সংগঠনকে আরও চাঙ্গা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এখন নজর কোর কমিটির চূড়ান্ত সিদ্ধান্তের দিকে—কোথায় হবে মুখ্যমন্ত্রীর সভা এবং কীভাবে সাজানো হবে এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক মঞ্চ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন