নজরবন্দি ব্যুরো: আজ স্বাধীনতা দিবস। প্রতি বছরের মত এবারেও মহা সমারোহে দিনটি পালন করা হচ্ছে। ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিবাদন মঞ্চে তাঁর সঙ্গে উপস্থিত রয়েছে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ও ডিজি মনোজ মালব্য।
আরও পড়ুন: বৃষ্টি নাকি গরমের দাপট! স্বাধীনতা দিবসে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া?


৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষে সেজে উঠেছে রেড রোড। কড়া নিরাপত্তা বলয়ের মোড়কে অনুষ্ঠান চত্বরকে ঢেকে ফেলা হয়েছে। মঙ্গলবার সকালে সাড়ে ১০ টা নাগাদ রেড রোডে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। আমলা ও পুলিশদের বিশেষ সম্মানে ভূষিত করা হয়। ভিক্টোরিয়া থেকে আসা রাজ্য সরকারের কপ্টার থেকে পুষ্পবৃষ্টি করা হয়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে গার্ড অফ অনার দেওয়া হয়। এরপরই শুরু হয় কুচকাওয়াজের কর্মসূচি।

আজ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বহু পড়ুয়া অংশগ্রহণ করেছে। তাদের হাতে রয়েছে জাতীয় পতাকা। এই অনুষ্ঠানে মমতার সরকারের আমলে যে সমস্ত প্রকল্প চালু করা হয়েছে সেগুলির সাফল্য উল্লেখ করে বিশেষ ট্যাবলো প্রদর্শন করা হয়। এগুলির মধ্যে রয়েছে, কন্যাশ্রী, দুয়ারে রেশন, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী।


উল্লেখ্য, এদিন তথ্য সংস্কৃতি দফতর থেকে ‘বাংলার গর্ব দুর্গা মা’ ট্যাবলোতে প্রদর্শিত হবে দুর্গা প্রতিমা। গোর্খা, কুর্মি, রাজবংশী সহ বাংলার সব জাতির প্রতিনিধিরাও যোগ দেবেন। এই প্রথমবার রেড রোডের অনুষ্ঠানে ট্যাবলো নিয়ে মার্চে যোগ দিল গার্ডেন রিচ শিপ বিল্ডারস ও ইছাপুর রাইফেল ফ্যাক্টরি।
রেড রোডে উপস্থিত মুখ্যমন্ত্রী, কুচকাওয়াজে পালিত স্বাধীনতা দিবস








