ছটপুজোর বিকল্প ঘাট পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ তথা কলকাতা পুরসভার ৮৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মালা রায়। রবিবার সকালে টালিগঞ্জে ঘাট পরিদর্শনে পৌঁছতেই তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। সাংসদকে লক্ষ্য করে ওঠে ‘চোর, চোর’ স্লোগান। ছটপুজোয় বাধা দেওয়ার অভিযোগও তোলেন তাঁরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী।
ছটঘাট পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে সাংসদ
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাঁদের উপর অত্যাচার চালিয়েছেন মালা রায়। এমনকী, রাজনৈতিক পরিচয়ের কারণে বিজেপি কর্মীদের বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করার অভিযোগও তোলেন বিক্ষোভকারীদের একাংশ। তাঁদের দাবি, এলাকায় শান্তিপূর্ণভাবে ছটপুজোর আয়োজন করতে দেওয়া হচ্ছে না।
বিক্ষোভকারীদের কথায়, “১৫ বছর ধরে অত্যাচার চালিয়েছেন এই এমপি। বিজেপির লোক বলে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করেছে। এখানকার মানুষের উপর দিনের পর দিন অত্যাচার চালিয়েছেন। আজকে এসেছে ছটপুজো বানচাল করতে।”
এই অভিযোগ ঘিরেই সাংসদকে লক্ষ্য করে লাগাতার স্লোগান দিতে থাকেন স্থানীয়দের একাংশ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। উত্তেজিত বাসিন্দাদের ঘিরে রাখেন পুলিশকর্মীরা। অন্যদিকে, ঘটনাস্থলে একটি চেয়ারে বসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন মালা রায়।
‘পুরসভার ব্যবস্থা দেখতে এসেছি’, পালটা জবাব মালা রায়ের
বিক্ষোভকারীদের অভিযোগ উড়িয়ে দিয়েছেন মালা রায়। তাঁর দাবি, ছটপুজোর বিকল্প ঘাটে পুরসভার তরফে কী কী ব্যবস্থা করা হয়েছে, তা খতিয়ে দেখতেই তিনি সেখানে গিয়েছিলেন। তাঁর কথায়, “কেন এমন বিক্ষোভ হচ্ছে জানি না। আমি এখানকার পরিস্থিতি দেখতে এসেছিলাম। আমি এই এলাকার পৌর প্রতিনিধি। পুরসভার ব্যবস্থা দেখতে এসেছি। আমার বিরুদ্ধে যা অভিযোগ তুলছে, তার একটাও অভিযোগ থানায় আছে কিনা, দেখাক।”
মাঠের দখল নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন সাংসদ। মালা রায়ের দাবি, বাম আমলে এই মাঠ দখলের চেষ্টা হয়েছিল। পরে তাঁরা মাঠটি পুনরুদ্ধার করে সেখানে বৃদ্ধাশ্রম এবং খেলার মাঠ তৈরির পরিকল্পনা করেছিলেন। কিন্তু বর্তমানে ফের মাঠ দখলের চেষ্টা চলছে বলে অভিযোগ তাঁর।
নতুন সরকারকে নিশানা তৃণমূল সাংসদের
বিক্ষোভের পিছনে রাজনৈতিক কারণ রয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন মালা রায়। সরাসরি নতুন সরকারকে নিশানা করে তিনি বলেন, “৪ তারিখের পর থেকে অশান্তি শুরু হয়েছে। এখনকার মুখ্যমন্ত্রীকে দেখুন বিষয়টা। সব বোঝা যাবে, কে খারাপ আর কে সাধু।”
বিক্ষোভ নিয়ে কার্যত অনড় মনোভাবও দেখিয়েছেন তিনি। সাংসদের বক্তব্য, স্থানীয়রা বিক্ষোভ দেখালে দেখাতে পারেন, তাতে তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন না। তাঁর কথায়, “স্থানীয়রা বিক্ষোভ করছে, করুক। আই ডোন্ট কেয়ার।”
কলকাতায় ১৬৩টি বিকল্প ছটঘাটের ব্যবস্থা
ছটপুজো উপলক্ষে কলকাতা পুরসভার তরফে এ বছর মোট ১৬৩টি বিকল্প ঘাটের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে। তার মধ্যে টালিগঞ্জের ৮৮ নম্বর ওয়ার্ডেও রয়েছে একটি বিকল্প ঘাট। সেই ঘাটের ব্যবস্থাপনা খতিয়ে দেখতে গিয়েই রবিবার বিক্ষোভের মুখে পড়েন মালা রায়।
ছটপুজোর আয়োজনকে কেন্দ্র করে স্থানীয়দের ক্ষোভ এবং সাংসদের পালটা রাজনৈতিক অভিযোগে টালিগঞ্জের পরিস্থিতি এ দিন উত্তপ্ত হয়ে ওঠে। তবে বিক্ষোভকারীদের অভিযোগ ও মালা রায়ের পালটা দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।



