মুম্বইয়ে পা রাখলেন মাক্রোঁ, মোদীর সঙ্গে বৈঠকে রাফাল-সহ একাধিক চুক্তির সম্ভাবনা

তিন দিনের ভারত সফরে ফরাসি প্রেসিডেন্ট; মুম্বইয়ে মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে রাফাল-সহ প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা নিয়ে বড় চুক্তির সম্ভাবনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

তিন দিনের ভারত সফরে এসে কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করার বার্তা দিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট Emmanuel Macron। সোমবার গভীর রাতে স্ত্রী Brigitte Macron-কে সঙ্গে নিয়ে মুম্বই বিমানবন্দরে নামেন তিনি। সেখানে তাঁকে স্বাগত জানান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী Devendra Fadnavis ও রাজ্যপাল C. P. Radhakrishnan

ভারতে পৌঁছোনোর আগেই বিমানের জানলা থেকে তোলা ছবি সমাজমাধ্যমে পোস্ট করে মাক্রোঁ লেখেন, “ভারতের পথে। আমাদের বোঝাপড়াকে আরও এগিয়ে নিয়ে যাব।” প্রধানমন্ত্রী Narendra Modi-কে তিনি ‘আমার প্রিয় বন্ধু’ বলে সম্বোধনও করেন। মঙ্গলবার সকালে মাক্রোঁর সেই পোস্ট শেয়ার করে মোদীও তাঁকে স্বাগত জানান এবং লেখেন, “মুম্বই এবং পরে দিল্লিতে দেখা হচ্ছে, আমার প্রিয় বন্ধু।”

সূত্রের খবর, মঙ্গলবার বিকেলে মুম্বইয়ে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন মোদী ও মাক্রোঁ। সেই বৈঠকে দুই দেশের মধ্যে একাধিক সমঝোতাপত্র স্বাক্ষরিত হতে পারে। কৌশলগত সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে বড় সিদ্ধান্তের ইঙ্গিত রয়েছে। সম্প্রতি ফরাসি সংস্থা দায়ো অ্যাভিয়েশনের তৈরি রাফাল যুদ্ধবিমান কেনার বিষয়ে প্রতিরক্ষা মন্ত্রকের ডিফেন্স প্রোকিওরমেন্ট বোর্ড ছাড়পত্র দিয়েছে। প্রায় ৩ লক্ষ ২৫ হাজার কোটি টাকার বিনিময়ে আরও ১১৪টি রাফাল কেনার পরিকল্পনা রয়েছে। এই চুক্তি নিয়েও দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

মুম্বই সফর শেষে নয়াদিল্লিতে যাবেন মাক্রোঁ। বুধবার ও বৃহস্পতিবার সেখানে আয়োজিত এআই সম্মেলনে যোগ দেওয়ার কথা তাঁর।

২০১৭ সালে ফ্রান্সের প্রেসিডেন্ট হওয়ার পর ২০১৮ সালে প্রথমবার ভারত সফরে এসেছিলেন মাক্রোঁ। এরপর ২০২৩ সালে জি২০ সম্মেলনে যোগ দিতে আবার ভারতে আসেন। ২০২৪ সালে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেও উপস্থিত ছিলেন তিনি। এবার চতুর্থবারের মতো প্রেসিডেন্ট হিসেবে ভারত সফরে এলেন মাক্রোঁ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত