নজরবন্দি ব্যুরো: ভোটের মুখে নতুন ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। সামনেই নেতাজির জন্মদিন। আর এবার থেকে তাঁর জন্মদিনটি গোটা দেশজুড়ে পরাক্রম দিবস হিসেবে পালন করা হবে বলে জানায় কেন্দ্র। এবার কেন্দ্রের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করল ফরোয়ার্ড ব্লক। ফরোয়ার্ড ব্লকের দাবি অনুযায়ী, ২৩ জানুয়ারিকে পরাক্রম নয়, দেশপ্রেম দিবস হিসেবে ঘোষণা করুক কেন্দ্র। তার কারণ, নেতাজির আদর্শের সঙ্গে পরাক্রম আদর্শের মিল নেই।
আরও পড়ুন: দক্ষিণ কলকাতায় বিজেপির মিছিলে ‘হামলা’, রাজ্যপালের কাছে নালিশ মুকুলের


ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস জানান, দেশের মানুষ এই দিনটিকে দেশপ্রেম দিবস হিসেবে পালন করে। নেতাজির আদর্শের সঙ্গে পরাক্রম আদর্শের কোনও মিল নেই। দেবব্রতবাবুর অভিযোগ, আজ একতরফাভাবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ২৩ জানুয়ারি ‘পরাক্রম দিবস’ হিসেবে উদযাপন করার কথা ঘোষণা করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, “দেশপ্রেমের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু। পরাক্রম আর দেশপ্রেম এক নয়। দু’টি আলাদা আদর্শ। তাই নেতাজির জন্মদিনকে পরাক্রম দিবস বলা চলে না।”
প্রসঙ্গত, মঙ্গলবার এ বিষয়ে সংস্কৃতি মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে, নেতাজির অদম্য সংকল্প ও দেশের নিঃস্বার্থ সেবার আদর্শকে সম্মান জানাতে আগামী ২৩ জানুয়ারি দিনটিকে দেশজুড়ে ‘পরাক্রম দিবস’ হিসেবে পালন করা হবে। বাঙালি অন্যতম আবেগ হলেন নেতাজি। এদিকে বাঙালি মন পেতে তথা একুশের ভোটে নিজেদের জয়ের পথকে মসৃণ করতে নেতাজিকে হাতিয়ার করতে উদ্যোগী কেন্দ্র। ফলে তাঁর জন্মদিনে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি। যদিও পাল্টা কমিটি গঠন করে রাজ্য সরকারও দিনটিকে মহা আড়ম্বরে পালন করার প্রস্তুতি শুরু করে দিয়েছে।
পরাক্রম নয়, দেশপ্রেম দিবস ঘোষণা করুক কেন্দ্র, এছাড়া কেন্দ্রের তরফ থেকে সারা বছর ধরে নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী পালনের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর নেতৃত্বে যে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে বসু পরিবারের সদস্যদের পাশাপাশি নেতাজিকন্যা অনিতা বসু পাফকেও রাখা হয়েছে। এছাড়া শোনা যাচ্ছে নেতাজির জন্মদিন উপলক্ষে বঙ্গে পা রাখবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।









