নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে সোমবার টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে বিজেপির মিছিল শুরু হওয়ার পরই মিছিলের উপর হামলার অভিযোগ ওঠে বিজেপির তরফে। মিছিলে ‘হামলা’র ঘটনায় জগদীপ ধনকড়ের কাছে নালিশ করলেন তাঁরা। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর ফের বাংলার রাষ্ট্রপতি শাসন জারির বিষয়ে জোরদার সওয়াল করেন মুকুল রায়।
আরও পড়ুনঃ ২৩ জানুয়ারি দেশজুড়ে পালিত হবে ‘পরাক্রম দিবস’, ভোটের আগে ঘোষণা কেন্দ্রের


ওইদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে বিজেপির রোড শো শুরু হয়। বিশাল লরির ট্যাবলোতে ছিলেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। শুরু থেকেই বিরোধিতার মুখে পড়ে মিছিল। প্রথমে চারু মার্কেট থানার সামনে মিছিল পৌঁছলে পাশের গলির মধ্যে জমায়েত থেকে বিজেপি বিরোধী স্লোগান দেওয়া শুরু করে। তাদের হাতে তৃণমূলের পতাকা ছিল বলে দাবি বিজেপি নেতৃত্বের। তাদের দিকে তেড়ে যায় বিজেপি কর্মীরা। এমনকি বাইকেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।
এদিন, হামলা’র প্রতিবাদে মঙ্গলবার দুপুরে রাজভবনে যান মুকুল রায়। দেখা করেন রাজ্যপালের সঙ্গে। সেখানে গিয়ে রাজ্যের বিরুদ্ধে সুর চড়ান তিনি। তিনি বলেন, “রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। জেপি নাড্ডা, দিলীপ ঘোষ-সহ বিজেপির নেতামন্ত্রীদের উপর হামলা হচ্ছে। ৩৫৬ ধারা জারি ছাড়া উপায় নেই। আজ খেজুরিতে কী হয়েছে তাও শুনেছেন রাজ্যপাল। তাঁকে সব বলেছি।” ফলে সামনেই বিধানসভা নির্বাচন। আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে এদিন বৃহস্পতিবারই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। তার আগে বিজেপির অভিযোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।







