ভোট-পরবর্তী উত্তেজনার আবহে ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে রাজনৈতিক প্রতীক। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে শ্রীপত সিংহ কলেজের সামনে লেনিনের আবক্ষ মূর্তি ভাঙচুরের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, একদল যুবক রড, হাতুড়ি ও শাবল নিয়ে এসে প্রকাশ্যে মূর্তি গুঁড়িয়ে দেয়—সঙ্গে ওঠে ‘জয় শ্রীরাম’ স্লোগান।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতেই ঘটনাটি ঘটে। আচমকা কয়েকজন যুবক এসে মূর্তিটিকে লক্ষ্য করে হামলা চালায়। অল্প সময়ের মধ্যেই মূর্তির বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়। এলাকাবাসীর একাংশের দাবি, ঘটনার সময় আশপাশে পুলিশ উপস্থিত থাকলেও ভাঙচুর রুখতে তৎপরতা দেখা যায়নি।


এর আগের দিনই কলকাতার যাদবপুরের ৮বি এলাকায় লেনিনের মূর্তিতে গেরুয়া আবীর ছিটানোর অভিযোগ উঠেছিল। পরপর দু’দিন একই ধরনের ঘটনায় রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চাপানউতোর। বাম শিবিরের অভিযোগ, পরিকল্পিতভাবে তাদের প্রতীক ও আদর্শকে আঘাত করা হচ্ছে। অন্যদিকে শাসকদল ও বিরোধী পক্ষের তরফে ঘটনার ব্যাখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন দাবি সামনে আসছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।









