মাথায় হেলমেট, চারপাশে কড়া পুলিশি নিরাপত্তা। সোমবার সকালে বারুইপুর আদালতে পৌঁছতেই সেই ছবি ছড়িয়ে পড়ে। আর তা ঘিরেই শুরু হয় জোর আলোচনা। বারুইপুর গণপিটুনি মামলায় গ্রেপ্তার সিপিএম নেতা তথা বারুইপুর পশ্চিমের প্রাক্তন প্রার্থী লাহেক আলি আদালতে ঢোকার আগে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেন, “সবটাই রাজনৈতিক প্রতিহিংসা। এভাবে প্রতিবাদের মুখ বন্ধ করার চেষ্টা চলছে।”
রবিবার গভীর রাতে বারুইপুরের খোদারবাজার এলাকা থেকে লাহেক আলিকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ, বারুইপুর ধর্ষণ-খুন কাণ্ডের পর সন্দেহের বশে এক যুবককে গণপিটুনিতে হত্যার ঘটনায় উসকানি দেওয়ার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল। ওই অভিযোগে আগেই তাঁর নামে মামলা দায়ের হয়েছিল।
সোমবার তাঁকে বারুইপুর আদালতে আনা হলে প্রিজন ভ্যান থেকে নামানোর আগে মাথায় হেলমেট পরিয়ে দেয় পুলিশ। সেই দৃশ্য ঘিরেই প্রশ্ন উঠতে শুরু করে। আদালত চত্বরে উপস্থিত অনেকের কৌতূহল, ডিম ছোড়া বা বিক্ষোভের আশঙ্কা থেকেই কি এই ব্যবস্থা? যদিও এ বিষয়ে পুলিশ কোনও মন্তব্য করেনি।
আদালতে ঢোকার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে লাহেক আলি বলেন, “আমার বিরুদ্ধে যা বলা হচ্ছে, তার কোনও ভিত্তি নেই। সব মিথ্যা অভিযোগ। রাজনৈতিক উদ্দেশ্যেই আমাকে গ্রেপ্তার করা হয়েছে।” তাঁর অভিযোগ, বিরোধীদের কণ্ঠস্বর স্তব্ধ করতেই এই পদক্ষেপ।
বারুইপুরের এই ঘটনায় ইতিমধ্যেই রাজ্যজুড়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডল ধর্ষণ-খুনের ঘটনায় জড়িত ছিলেন না। তিনি নির্দোষ ছিলেন বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। সেই ঘটনার তদন্তের মধ্যেই লাহেক আলির গ্রেপ্তার ঘিরে নতুন রাজনৈতিক তরজা শুরু হয়েছে।
এবার আদালতে পুলিশের তরফে কী আবেদন করা হয় এবং তদন্ত কোন দিকে এগোয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।



