নজরবন্দি ব্যুরোঃ ট্রেনের ছাদে উঠতে মই ভাড়া পাওয়া যাচ্ছে। একজন উঠছেন আর ২০ টাকা দিচ্ছেন। শুনেছেন এমন কখনও? এমনই ঘটনার সাক্ষী থাকল বাংলাদেশের নারায়ণগঞ্জ। ঈদকে ঘিরে ঘরে ফেরা মানুষের ঢল নেমেছে নারায়ণগঞ্জে। অবস্থা এমন যেকোনো মূল্যে ঈদের আগেই যেতে হবে বাড়ি। তাই জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে উঠে ঈদযাত্রা করছেন অনেকেই।
আরও পড়ুনঃ মাঝ আকাশে ঝড়ের তাণ্ডব, বিমানের জরুরী অবতরনে আহত ৪০
ছাদে উঠে যাত্রা করা এসব যাত্রীদের কাছ থেকে জনপ্রতি ২০ টাকা করে আদায় করা হচ্ছে। বদলে একটি মইয়ের সুবিধা দেয়া হচ্ছে। সহজ কথায় ট্রেনের ভেতরে আর যায়গা না থাকার কারনে ছাদে উঠতে চাইছেন মানুষ। কিন্তু ট্রেনের জানালা বেয়ে ছাদে উঠে পরা কি খুব সহজ ব্যাপার? মোটেই না। তাই একটি মইয়ের বন্দোবস্থ। ২০ টাকা ভাড়ার বদলে সেই মইয়ে চেপে সহজেই উঠে পরা যাচ্ছে ছাদে।

তবে এ টাকা বাংলাদেশ রেলওয়ের পকেটে নয় বরং স্থানীয় কয়েকজনের পকেটে ঢুকছে। রবিবার দুপুরে শহরের চাষাঢ়া রেলস্টেশন এলাকায় ঘুরে এ দৃশ্য দেখা গেছে। এদিন দুপুর নাগাত স্থানীয় কয়েকজনকে মই নিয়ে প্ল্যাটফর্মের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়াদৌড়ি করতে দেখা যায়। মই দিয়ে যাত্রীদের ছাদে উঠিয়ে দেওয়ার বিনিময়ে জনপ্রতি ২০ টাকা করে আদায় করছেন তারা।
ট্রেনের ছাদে উঠতে মই ভাড়া ২০ টাকা, এমন ঘটনার কথা শুনেছেন আগে?

অন্যদিকে যাত্রীদের অতিরিক্ত চাপ হওয়ার কারণে এক রকম বাধ্য হয়েই ট্রেনের ছাদে বসে যাত্রা করছেন তারা। যাত্রীরা জানান, ঢাকার রাস্তায় অনেক যানজট। বাসে গেলে অনেক সময় লাগে। ঝামেলাও অনেক পোহাতে হয়। তাই একটু কষ্ট করে হলেও ট্রেনে যাচ্ছি। অল্প সময়েই গন্তব্যে পৌঁছাতে পারবো। তবে স্টেশনের কেউ এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে মুসলমান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদের খুশি পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নিতে জীবনের ঝুঁকি নিয়েই বাড়ির দিকে রওনা হয়েছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষজন। কেউ বাসের দরজায় ঝুলে তো কেউ ট্রাক, পিকআপভ্যানে চড়ে শহর ছাড়ছেন। কেউ যানবাহনে টিকিট না পেয়ে তো কেউ আবার বাড়তি টাকায় বাস ট্রেনের টিকিট না পেয়ে ট্রাক, পিকআপ ভ্যানে করে ঈদযাত্রা করছেন।



