নজরবন্দি ব্যুরোঃ রবিবার বিকেলে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে তৃণমূলে যোগদান করেছেন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল। গতকাল তাঁর দলবদলের পর এখন বিজেপির বিধায়কের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ এ। পঞ্চায়েত নির্বাচনের আগে বিরাট ধাক্কা বঙ্গের গেরুয়া শিবিরে। আগামী দিনে আরও ১৩ জন বিধায়ক সহ একাধিক সাংসদ তৃণমূলে যোগদানের জন্য এগিয়ে রয়েছে। এমন জল্পনার মধ্যেই বোমা ফাটালেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। দলবদলে আগ্রহী নেতাদের উদ্দেশ্যে বলেন, অপেক্ষা করুন। বিজেপিতে থেকে খবর দিন।
আরও পড়ুনঃ সাগরদিঘিতে উপনির্বাচনে কং প্রার্থীকে সমর্থন লাল দলের, তবে কী আগামীতে ফের জোট?


এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, যারা যারা এখনও অবধি বিজেপির হয়ে বিবৃতি দেবেন, জেনে রাখুন তাঁরা আমাদের সঙ্গে যোগাযোগে আছেন। জেনে রাখুন, যতদিন ওখানে তাঁরা থাকবেন, ওখানের মতো করেই তাঁদেরকে থাকতে হবে। একাধিক বিধায়ক, সংখ্যাটি ১৩ এর নীচে নয়, ওপরে কত? সংখ্যাটি সঠিক করে অভিষেক বলতে পারবেন। তাঁরা বিজেপিতে থাকতে চান না। কারণে তাঁরা এলাকাতে সেই স্পন্দনটা অনুভব করছেন। এলাকার মানুষ চাইছেন না বিজেপিকে। সেই জায়গায় দাঁড়িয়ে জনপ্রতিনিধিদের মনে হচ্ছে মানুষের সঙ্গে থকাটাই ভালো।

এরপরেই তৃণমূল মুখপাত্র বলে বসেন, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা চুড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ততক্ষণ অবধি তাঁদেরকে বলা হচ্ছে বিজেপিতে থাকুন। কেউ দিলীপবাবুর সঙ্গে থাকুন, কেউ সুকান্তর সঙ্গে থাকুন, কেউ শুভেন্দুর সঙ্গে থাকুন। বৈঠকগুলিতে যোগদান করুন, কি হয় আমাদের জানাতে থাকুন। সময় অনুযায়ী ধাপে ধাপে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিজেপিতে থেকে খবর দিন, কাদের বললেন কুণাল?

গত বিধানসভা নির্বাচনে ৭৭ টি আসনে জয়লাভ করেছিল বিজেপি। কিন্তু বিধানসভা নির্বাচনের পর থেকেই গেরুয়া শিবিরে ভাঙন লেগে রয়েছে।মুকুল রায়, তন্ময় ঘোষ, কৃষ্ণ কল্যাণী সহ একাধিক বিধায়কদের দলবদল করেছেন। এখন আরও অনেক বিধায়ক দলবদল করলে আগামী দিনে বিরাট প্রশ্নের মুখে পরতে চলেছে গেরুয়া শিবির।









