চেক বাউন্স মামলায় জেলে রাজপাল যাদব, আর সেই খবর ছড়াতেই নড়েচড়ে বসেছে বলিউড। একের পর এক অভিনেতা এগিয়ে আসছেন তাঁর পাশে দাঁড়াতে। আর সেই তালিকায় এবার নতুন নাম কামাল আর খান (কেআরকে)। তিনি সরাসরি ১০ লক্ষ টাকা সাহায্যের প্রস্তাব দিয়ে ইন্ডাস্ট্রির সকলকে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে কেআরকে লেখেন, “আমি রাজপাল যাদবের জন্য ১০ লক্ষ টাকা দিতে প্রস্তুত। চলুন, বলিউড একজোট হয়ে তাঁকে ৫ কোটি টাকা তুলে দিই। যদি তিনি ৫ কোটি টাকা শোধ করতে পারেন, তাহলে অবিলম্বে জেল থেকে বেরিয়ে আসতে পারবেন।”
এর আগেই রাজপালের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা গুরমীত চৌধুরী। মঙ্গলবার তিনি নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, “রাজপাল যাদবের মতো একজন প্রতিভাবান সিনিয়র শিল্পীকে এমন কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে দেখে আমার খুব কষ্ট হচ্ছে। তিনি আমাদের অসংখ্য হাসি আর আনন্দের মুহূর্ত উপহার দিয়েছেন। আজ তাঁর আমাদের প্রয়োজন।”
তিনি আরও লেখেন, “একজন সহ-অভিনেতা এবং মানুষ হিসেবে আমি তাঁর পাশে দাঁড়াতে চাই। প্রযোজক, পরিচালক এবং ইন্ডাস্ট্রির সকলকে অনুরোধ করছি, আমরা সবাই একসঙ্গে এগিয়ে এসে সমাধান খুঁজে বের করি। ইন্ডাস্ট্রি একটা পরিবার, আর পরিবার নিজের মানুষকে কখনও ছেড়ে দেয় না।”
অভিনেতা সোনু সুদও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি জানান, রাজপাল যাদব তাঁর পরবর্তী ছবির অংশ হবেন। সোনুর কথায়, “এটা দান নয়, সম্মানের বিষয়। একজন শিল্পী কঠিন সময়ের মধ্যে দিয়ে গেলে ইন্ডাস্ট্রির উচিত তাঁর পাশে দাঁড়ানো।”
প্রসঙ্গত, কয়েক বছর আগে নেওয়া একটি ঋণ সংক্রান্ত চেক বাউন্স মামলায় আদালতের নির্দেশে সম্প্রতি আত্মসমর্পণ করেছেন রাজপাল যাদব। জানা গিয়েছে, ২০১০ সালে নিজের পরিচালিত ছবি Ata Pata Laapata তৈরির জন্য দিল্লির একটি সংস্থা থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন তিনি। ছবিটি বক্স অফিসে সফল না হওয়ায় সেই ঋণ শোধ করতে সমস্যায় পড়েন অভিনেতা। পরবর্তীতে সেই ঋণ সংক্রান্ত মামলাই আইনি জটিলতার রূপ নেয়।




