নজরবন্দি ব্যুরোঃ প্রথমে প্রার্থী তালিকা ঘোষণা ঘিরে বিভ্রান্তি৷ শেষ পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণা হলেও অস্বস্তি এড়াতে পারছে না বিজেপি (BJP)৷ কারণ কলকাতা পুরসভার দুই ওয়ার্ডের বিজেপি প্রার্থীই মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন৷ বিজেপি সূত্রে খবর, ১৩৩ এবং ১৩৪ নম্বর ওয়ার্ডের দুই বিজেপি প্রার্থী সদানন্দ প্রসাদ এবং মুমতাজ আলি মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।
আরও পড়ুনঃকেন্দ্রীয় সশস্ত্র বাহিনী নয়, কলকাতা পুরভোটের দায়িত্বে ৩২ হাজার পুলিশ।


দলীয় সূত্রে খবর, হুমকি পেয়েই মনোনয়ন প্রত্যাহার করেছেন ওই দুই প্রার্থী। তৃণমূলের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। বিজেপি সূত্রে খবর, সদানন্দ পাঠক এবং মুমতাজ আলি নাকি গতকালই দলীয় কার্যালয়ে এসে জানিয়ে গিয়েছিলেন, তাঁরা প্রার্থী পদ প্রত্যাহার করবেন। শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের হুমকি দিয়েছে, বাড়ির লোকদের ভয় দেখিয়েছে বলে অভিযোগ তুলছে পদ্ম শিবির।
মনোনয়ন প্রত্যাহার না করা হলে এলাকা ছাড়া করে দেওয়া হবে বলেও শাসানো হয়েছে বলে অভিযোগ এসেছে বিজেপি নেতৃত্বের কাছে। বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের অভিযোগ, ‘বন্দুকের নলের সামনে দাঁড় করিয়ে দুই প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে৷ এটাই তৃণমূলের সংস্কৃতি৷’
শেষ লগ্নে মনোনয়ন প্রত্যাহার দুই বিজেপি প্রার্থীর
এখন পর্যন্ত মোট আটজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন দুই জন বিজেপি প্রার্থী। এছাড়া ১০৪ নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থীও নিজের প্রার্থী পদ প্রত্যাহার করে নিয়েছেন। এর পাশাপাশি, ৬৫ নম্বর, ১১২ নম্বর, ১১৫ নম্বর, ১৩৩ নম্বর এবং ১৪১ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থীও নিজেদের মনোনয়ন প্রত্যাহার করেছেন বলে খবর।









