রাজ্যের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড় আপডেট। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বা WBCS 2024 প্রিলিমিনারি পরীক্ষার দিন ঘোষণা করল West Bengal Public Service Commission। কমিশনের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৪ জুন, রবিবার অনুষ্ঠিত হবে বহু প্রতীক্ষিত এই পরীক্ষা। একই সঙ্গে জানানো হয়েছে, কবে থেকে ডাউনলোড করা যাবে অ্যাডমিট কার্ড।
কমিশনের তরফে জানানো হয়েছে, প্রিলিমিনারি পরীক্ষা হবে দুপুর ১২টা থেকে ২টো ৩০ মিনিট পর্যন্ত। কলকাতার পাশাপাশি রাজ্যের আরও ২৫টি জেলার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে একযোগে পরীক্ষা নেওয়া হবে।


পরীক্ষার্থীরা আগামী ৪ জুন থেকে পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার আগে অ্যাডমিট কার্ডে উল্লেখ থাকা সমস্ত তথ্য ভালোভাবে মিলিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
গুরুত্বপূর্ণ নির্দেশিকাও জারি করেছে কমিশন। জানানো হয়েছে, সকাল ১১টা ৩০ মিনিটের পরে কোনও পরীক্ষার্থীকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। তাই নির্ধারিত সময়ের অনেক আগেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে বলা হয়েছে প্রার্থীদের।
কমিশন আরও জানিয়েছে, পরীক্ষা সংক্রান্ত পরবর্তী সমস্ত আপডেট এবং বিস্তারিত তথ্য নিয়মিত ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তাই পরীক্ষার্থীদের অফিসিয়াল পোর্টালে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।


প্রসঙ্গত, WBCS পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে গ্রুপ A, B, C এবং D পদে নিয়োগ করা হয়। গোটা নিয়োগ প্রক্রিয়া কয়েকটি ধাপে সম্পন্ন হয়।
প্রথমে হয় প্রিলিমিনারি পরীক্ষা। তাতে উত্তীর্ণ প্রার্থীরাই মেন পরীক্ষায় বসার সুযোগ পান। এরপর মেন পরীক্ষায় সফল হলে ডাকা হয় পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউয়ের জন্য। মেন পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই তৈরি হয় চূড়ান্ত মেধাতালিকা।
উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বর মাসে WBCS 2024 পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তারপর থেকেই পরীক্ষার্থীরা প্রিলিমিনারির দিন ঘোষণার অপেক্ষায় ছিলেন।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



