পাথিরানা চোটে অনিশ্চিত, মুস্তাফিজ়ুর নেই—আইপিএলের আগে পেস আক্রমণে বড় ধাক্কা নাইটদের

হ্যামস্ট্রিং চোটে অন্তত তিন সপ্তাহ বাইরে থাকতে পারেন মাথিশা পাথিরানা। মুস্তাফিজ়ুর না থাকায় আইপিএলের আগে পেস আক্রমণে বড় দুশ্চিন্তা কেকেআরের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আইপিএলের আগে কলকাতা নাইট রাইডার্সের পেস আক্রমণে বাড়ছে দুশ্চিন্তা। দলে নেই মুস্তাফিজ়ুর রহমান, তার উপর চোটে অনিশ্চিত হয়ে পড়েছেন ১৮ কোটিতে কেনা তারকা পেসার মাথিশা পাথিরানা। বিশ্বকাপের মাঝপথেই তাঁর চোটের খবর সামনে আসতেই কপালে ভাঁজ পড়েছে কেকেআর শিবিরে।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছে শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে টানা তিনটি ম্যাচ জিতে তারা ইতিমধ্যেই সুপার এইটে জায়গা করে নিয়েছে। কিন্তু গুরুত্বপূর্ণ পর্বে নামার আগেই দলে ধাক্কা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান Matheesha Pathirana। নিজের প্রথম ওভারের চতুর্থ বল করার পরেই মাঠ ছাড়তে হয় তাঁকে।

প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, অন্তত তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে পাথিরানাকে। স্ক্যান রিপোর্টের জন্য অপেক্ষা করছে শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্ট। তাঁর পরিবর্ত হিসেবে বিনুরা ফার্নান্দো, দিলশান মধুশঙ্কা, নুয়ান তুষারা বা মিলন রথনায়কের নাম আলোচনায় রয়েছে।

এই চোটের প্রভাব পড়তে পারে আইপিএলেও। কলকাতা নাইট রাইডার্স নিলামে বড় অঙ্কের টাকা খরচ করে পাথিরানাকে দলে নিয়েছিল। কিন্তু ফিট হয়ে ফিরতে যদি তিন সপ্তাহ বা তার বেশি সময় লাগে, তা হলে আইপিএলের শুরুর ম্যাচগুলোতে তাঁকে পাওয়া যাবে না।

এদিকে, বোর্ডের নির্দেশে কেকেআরকে ছেড়ে দিতে হয়েছে Mustafizur Rahman-কেও। ফলে পেস বিভাগে বিকল্প কমে গেছে। তার উপর চোটের কারণে মরশুমের শুরুর দিকে অনিশ্চিত তরুণ পেসার Harshit Rana-ও।

সব মিলিয়ে, আইপিএলের আগে কলকাতা শিবিরে পেস আক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ছে। পাথিরানা দ্রুত ফিট হয়ে ফিরতে না পারলে মরশুমের শুরুতেই চাপে পড়তে পারে নাইটরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন