KKR-এর দুশ্চিন্তা বাড়াল মুস্তাফিজুর, পুরো মরশুম খেলা নিয়ে অনিশ্চয়তা

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড সিরিজের সূচির সঙ্গে আইপিএলের সময়সূচি মেলাতে গিয়ে প্রশ্নে মুস্তাফিজুরের প্রাপ্যতা; বিসিবির সিদ্ধান্তের দিকেই তাকিয়ে কেকেআর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আইপিএল ২০২৬-এর আগে কলকাতা নাইট রাইডার্স শিবিরে নতুন করে আলোচনার কেন্দ্রে মুস্তাফিজুর রহমান। নিলামে ৯.২০ কোটি টাকা খরচ করে বাংলাদেশি বাঁহাতি পেসারকে দলে নিয়েছে কেকেআর। কিন্তু মরশুম শুরুর আগেই তাঁর প্রাপ্যতা নিয়ে তৈরি হয়েছে প্রশ্নচিহ্ন।

সূত্রের খবর, আইপিএল চলাকালীন এপ্রিল মাসে বাংলাদেশের ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক সিরিজ রয়েছে। সেই সিরিজের সঙ্গে আইপিএলের সূচি আংশিকভাবে ওভারল্যাপ করায় কেকেআর পুরো মরশুমে মুস্তাফিজুরকে নাও পেতে পারে। বিশেষ করে সিরিজের ওয়ানডে অংশের সময় তাঁর অনুপস্থিতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এই পরিস্থিতিতে স্বাভাবিক ভাবেই দল গঠনের পরিকল্পনায় কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে নাইট শিবিরে। মুস্তাফিজুরের কাটার ও ডেথ ওভারের দক্ষতা কেকেআরের বোলিং আক্রমণের বড় অস্ত্র হিসেবে ধরা হচ্ছিল। তাঁর অনুপস্থিতি হলে বিকল্প পরিকল্পনা ভেবে রাখতে হবে দল পরিচালনাকে।

KKR-এর দুশ্চিন্তা বাড়াল মুস্তাফিজুর, পুরো মরশুম খেলা নিয়ে অনিশ্চয়তা
KKR-এর দুশ্চিন্তা বাড়াল মুস্তাফিজুর, পুরো মরশুম খেলা নিয়ে অনিশ্চয়তা

তবে আশার খবরও রয়েছে। ক্রিকেট বাংলাদেশ বোর্ড (বিসিবি) নাকি মুস্তাফিজুরকে নো-অবজেকশন সার্টিফিকেট (NOC) দেওয়ার বিষয়টি বিবেচনা করছে। এমন পরিকল্পনা থাকলে তিনি নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে ম্যাচগুলি এড়িয়ে শুধুমাত্র টি-টোয়েন্টি অংশ খেলতে পারেন। সেক্ষেত্রে আইপিএলের বেশিরভাগ ম্যাচেই কেকেআরের হয়ে তাঁকে পাওয়া যেতে পারে।

এখনও পর্যন্ত বিসিবির তরফে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। ফলে কেকেআর এবং সমর্থকদের তাকিয়ে থাকতে হচ্ছে বোর্ডের ঘোষণার দিকে। সময়মতো অনুমতি মিললে আইপিএল ২০২৬-এ নাইটদের জার্সিতে মুস্তাফিজুরের পুরো সম্ভাবনা কাজে লাগানো সম্ভব হবে।

উল্লেখ্য, এর আগে শাকিব আল হাসান, মাশরাফি বিন মর্তুজা ও লিটন দাসের মতো বাংলাদেশি ক্রিকেটাররা কেকেআরের হয়ে খেলেছেন। সেই তালিকায় নতুন নাম হিসেবে মুস্তাফিজুর রহমানকে ঘিরে প্রত্যাশা ছিল অনেকটাই। এখন দেখার, সূচির জট কাটিয়ে তিনি কতটা সময় কেকেআরের জন্য মাঠে নামতে পারেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত