ব্রাজ়িলকে অভিবাদন জানাতে গিয়ে নাগাল্যান্ডের মহিলার শ্লীলতাহানি, JW Marriott থেকে নয়ডার যুবক গ্রেফতার

ব্রাজ়িল-ভারত ম্যাচ ঘিরে উচ্ছ্বাসের পর JW Marriott-এর লবিতে নাগাল্যান্ডের মহিলাকে আপত্তিকর ভাবে স্পর্শের অভিযোগ ওঠে। সিসিটিভি দেখে নয়ডার এক ব্যক্তিকে গ্রেফতার করেছে প্রগতি ময়দান থানার পুলিশ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ব্রাজ়িল ফুটবল দলের কলকাতা সফর ঘিরে উচ্ছ্বাসের মধ্যেই শহরের এক পাঁচতারা হোটেলে মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ উঠল। শনিবার গভীর রাতে বাইপাসের ধারের JW Marriott-এর লবিতে ব্রাজ়িল দলকে অভিবাদন জানানোর সময় নাগাল্যান্ডের দিমাপুরের এক মহিলা এবং তাঁর সঙ্গীকে আপত্তিকর ভাবে স্পর্শ করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার পর প্রগতি ময়দান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ হোটেল থেকেই উত্তরপ্রদেশের নয়ডার বাসিন্দা পলাশ রায়কে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে ঘটনাটি ঘটে। অভিযোগকারী মহিলা জানিয়েছেন, তিনি এবং তাঁর সঙ্গী হোটেলের লবিতে দাঁড়িয়ে ব্রাজ়িল ফুটবল দলের সদস্যদের অভিবাদন জানাচ্ছিলেন। সেই সময় এক ব্যক্তি তাঁদের দু’জনকেই আপত্তিকর ভাবে স্পর্শ করেন বলে অভিযোগ।

ঘটনার পর বিষয়টি প্রগতি ময়দান থানায় জানানো হয়। অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার (Bharatiya Nyaya Sanhita) সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে পুলিশ। তদন্তের শুরুতেই হোটেলের লবিতে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা।

পুলিশের দাবি, সিসিটিভি ফুটেজের ভিত্তিতে সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করা হয়। অভিযোগকারীও ফুটেজ দেখে তাঁকে শনাক্ত করেন বলে জানা গিয়েছে। এরপর তাঁর গতিবিধি অনুসরণ করে হোটেলের একটি ঘর থেকে পলাশ রায়কে গ্রেফতার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন কলকাতায় ব্রাজ়িল ফুটবল দলের সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। ভারত-ব্রাজ়িল ম্যাচকে কেন্দ্র করে শহরে বিপুল সংখ্যক ফুটবলপ্রেমীর সমাগম হয়েছিল। ব্রাজ়িল দলও কলকাতায় পৌঁছনোর পর হোটেলকে ঘিরে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছিল।

এর কয়েক দিন আগেও একই হোটেলের ভিতরে একটি নাইটক্লাবকে কেন্দ্র করে এক তরুণীকে হেনস্থার অভিযোগে গ্রেফতার হয়েছিল এক যুবক। সেই ঘটনায় প্রগতি ময়দান থানায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছিল। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছিল, সংশ্লিষ্ট নাইটক্লাবটি তৃতীয় পক্ষের মাধ্যমে পরিচালিত হয় এবং হোটেল কর্তৃপক্ষ তদন্তে সহযোগিতা করছে।

ফলে একই হোটেলে অল্প সময়ের ব্যবধানে ফের মহিলাকে হেনস্থার অভিযোগ সামনে আসায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে নতুন ঘটনায় পুলিশের তদন্ত এখনও চলছে এবং অভিযোগের সত্যতা নির্ধারণের প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর