নজরবন্দি ব্যুরো: এক মাস কেটে গেলেও আদালতের নির্দেশ কার্যকর হয়নি। এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে তলব করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এক টেট উত্তীর্ণ যুবকের মামলার ভিত্তিতে এই তলব করা হল। সোমবার গৌতম পালকে কলকাতা হাইকোর্টে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: নিজের নির্বাচনী কেন্দ্রে যেতেই বারংবার বাধা, আদালতের দ্বারস্থ Nawshad Siddiqui


জানা গিয়েছে, ২০১৬ সালের টেট পরীক্ষায় বসেছিলেন মামলাকারী। প্রথমে জানতে পারেন যে তিনি পরীক্ষায় পাশ করতে পারেননি। কিন্তু পরবর্তীকালে অবশ্য জানা যায়, ওই যুবক টেট উত্তীর্ণ। এরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি। সেইসময়েই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পালকে নির্দেশ দেন, মামলাকারীর নিয়োগ প্রক্রিয়ায় ইন্টারভিউ নিতে হব।

এদিকে ১ মাস কেটে গেলেও ইন্টারভিউয়ের জন্য ডাক পাননি ওই যুবক। ফলে ফের আদালতের দ্বারস্থ হন তিনি। সোমবার এই মামলার শুনানি ছিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চে। বিচারপতি গঙ্গোপাধ্যায় পর্ষদের আইনজীবীকে প্রশ্ন করেন, মামলাকারীকে কেন ইন্টারভিউতে ডাকা হয়নি। তার জবাব অবশ্য পর্ষদের আইনজীবীর কাছে ছিল না। তিনি বলেন, “এই বিষয়টি তাঁর কাছে জানা নেই।”



বিচারপতি গঙ্গোপাধ্যায় জানতে চান, সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করা হয়েছ কি না? উত্তরে আইনজীবী জানান, “না কোনও চ্যালেঞ্জ করা হয়নি।” এরপরই প্রাথমিক পর্ষদ সভাপতি গৌতম পালকে তলব করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আদালতের নির্দেশ কার্যকর হয়নি কেন? প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে তলব বিচারপতি গঙ্গোপাধ্যায়ের








