অবশেষে সিদ্ধান্তটা নিয়েই ফেললেন। সময়ের আগেই অবসরে কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রাজনীতিতে যোগ দেবার ইচ্ছেও প্রকাশ করলেন খুব স্পষ্টভাবেই। মানুষের স্বার্থে ‘বৃহত্তর’ ক্ষেত্রে যেতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। কিন্তু, রাজনৈতিক মহলে এই মুহূর্তে সবচেয়ে বেশি যা নিয়ে চর্চা হচ্ছে তা হল, কোন দলে যোগ দেবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়? তৃণমূল, বিজেপি, সিপিআইএম নাকি কংগ্রেস?
আরও পড়ুন: আসানসোলে মুখ পুড়ল বিজেপির, ১৭ ঘন্টার মধ্যে নাম তুলে নিলেন প্রার্থী পবন!


রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসে যে বিচারপতি গঙ্গোপাধ্যায় যোগ দেবেন না তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। অবসর গ্রহণের সিদ্ধান্ত জানিয়েও তিনি তৃণমূল সরকারকে ‘চৌর্য সাম্রাজ্য’ বলে কটাক্ষ করেছেন। তবে, কলকাতা বইমেলা চলার সময় বামেদের স্টলে যান তিনি, আগেও বলেছেন তাঁর কর্মজগতের শিক্ষাগুরু বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তাহলে কি বামপন্থী রাজনীতিতে যোগ দেবেন বিচারপতি গঙ্গোপাধ্যায়? প্রশ্ন অনেকগুলো।

বামনেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন, “আমাদের কাছে এরকম কোনও খবর নেই যে উনি বামপন্থী দলে যোগ দেবেন। তবে আমি ওনাকে সাধুবাদ জানাই। রাজনীতিতে আসতেই পারেন। উনি নিজে ভালোভাবে বিবেচনা করে দেখুন কোন দলে গেলে ওনার যে উদ্দেশ্য তা পূরণ হবে।”



প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আগেই বলেছিলেন, তিনি বাংলার ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান বিচারপতি গঙ্গোপাধ্যায়কে। এদিন তাঁর অবসর ও রাজনীতিতে আসার আগ্রহ সম্পর্কে জেনে অধীর বলেন, “কংগ্রেসে যোগ দেবার জন্য অভ্যর্থনা জানালাম। আমাদের সীমিত ক্ষমতা অনুযায়ী তাঁর পাশে থাকব। তবে আমি বলব ভালো করে চিন্তাভাবনা করে যা সিদ্ধান্ত নেবার নেবেন।”
বিজেপিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়? অধিকারী-গড় থেকে তাঁকে প্রার্থী করতে পারে গেরুয়া দল!

তবে, মূল বিষয়টা হল, বাম বা কংগ্রেস নয়, বিজেপিতে যোগ দেবার সম্ভাবনাই অনেক বেশি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। অসমর্থিত সূত্রের খবর, আগামী ৭ মার্চ বিজেপিতে যোগ দেবেন তিনি এবং তাঁকে আসন্ন লোকসভায় প্রার্থীও করতে পারে গেরুয়া দল। পূর্ব মেদিনীপুরের তমলুকে তাঁকে টিকিট দেবে বিজেপি এমনটাই সূত্রের খবর। এখন কী হয় সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।







